পশ্চিমবঙ্গে রেলস্টেশনে বোমা হামলা, শ্রম প্রতিমন্ত্রী জাকিরসহ আহত ১৩
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নিমতিতা রেলস্টেশনে বোমা হামলায় রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেতা জাকির হোসেন ও তার কয়েকজন সমর্থকসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেসময় শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন কলকাতা যাওয়ার ট্রেন ধরার জন্য ২ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি হাতে ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। আহত অন্যান্যদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে।
কয়েকটি সংবাদমাধ্যমে এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হওয়ার কথা জানানো হয়েছে।
ডিসেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ছিলেন জাকির হোসেন।
এ ঘটনায় তৃণমূলের মুর্শিদাবাদ জেলা সভাপতি আবু তাহের খান বলেন, ‘কে তাকে আক্রমণ করেছে তা পরিষ্কার নয়। আমি এসপিকে এই ঘটনার তদন্ত করতে ও অপরাধীকে খুঁজে বের করতে অনুরোধ জানিয়েছি।’
কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘মন্ত্রীকে আক্রমণ করা হয়েছিল কারণ তিনি জেলায় গরু পাচার ও দুর্নীতির বিরোধিতা করেছিলেন। তিনি এই কাজে জড়িতদের বিরোধিতা করেছিলেন। এই কারণেই তাকে আজ টার্গেট করা হতে পারে।’
‘রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন ইতিহাসের সবচেয়ে খারাপ পর্যায়ে,’ বলেও মন্তব্য করেন তিনি।