পল্লবী থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৮ সদস্য আটক

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর পল্লবীতে পৃথক অভিযান চালিয়ে ডাকাতি ও ছিনতাইসহ নানা অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কিশোর গ্যাংয়ের আট সদস্যকে আটক করেছে র‍্যাব-২-এর সদস্যরা।

আজ বৃহস্পতিবার র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পল্লবী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে মো. দেলোয়ার হোসেন পল্টু (৩৫) এবং মো. সুজন শেখ (১৯) ছাড়া বাকী সবার বয়স ১৮ বছরের মধ্যে।

তাদের কাছ থেকে সাতটি ছুরি, একটি খুর ও ছয়টি মোবাইল জব্দ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা গেছে আটক কিশোর অপরাধীরা স্থানীয়ভাবে ‘রোমান্টিক গ্রুপ’ নামে পরিচিত। তারা বিভিন্ন দলে ভাগ হয়ে ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, ইভটিজিং ও চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে থাকে।

তারা বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তারের উদ্দেশ্যে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করতো বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

আটকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কিশোর অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছে র‍্যাব।