পিএসএলে নাহিদের সঙ্গে পেশোয়ারে যোগ দিলেন শরিফুল
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন ১১তম আসরে জাতীয় দলের সতীর্থ নাহিদ রানার সঙ্গে পেশোয়ার জালমিতে যোগ দিয়েছেন বাংলাদেশের শরিফুল ইসলাম। আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত অনুষ্ঠেয় এই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য তাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে শরিফুলের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে পেশোয়ার। তাকে সরাসরি চুক্তিতে দলে নেওয়া হয়েছে। ফলে প্রথমবারের মতো পিএসএলে খেলার সুযোগ পাচ্ছেন তিনি।
এই বাঁহাতি পেসারকে অন্তর্ভুক্ত করার ঘোষণায় লেখা হয়েছে, 'তোমার আগমনে ইয়েলো স্টর্ম (পেশোয়ারের ডাক নাম) আরও শক্তিশালী হলো! পিএসএলে হলুদ জার্সিতে মাঠ কাঁপাতে প্রস্তুত বাংলাদেশের গতিময় বাঁহাতি পেসার শরিফুল।'
২৪ বছর বয়সী এই তারকা বর্তমানে তিন সংস্করণেই বাংলাদেশ দলের পেস আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র। সম্প্রতি তিনি আছেন বল হাতে দারুণ ছন্দে। গত জানুয়ারিতে শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন। চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলা শরিফুল মাত্র ৫.৮৪ ইকোনমি রেটে ২৬টি উইকেট শিকার করেন। এটি এই টুর্নামেন্টের ইতিহাসে এক আসরে কোনো বোলারের সর্বোচ্চ উইকেট দখলের রেকর্ড।
এমন চোখ ধাঁধানো পারফরম্যান্স সত্ত্বেও গত মাসে অনুষ্ঠিত পিএসএলের ইতিহাসের প্রথম খেলোয়াড় নিলামে অবিক্রিত ছিলেন শরিফুল। তার ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি।
নিলাম থেকে দল পাওয়া বাংলাদেশি ক্রিকেটাররা হলেন নাহিদ, রিশাদ হোসেন ও পারভেজ হোসেন ইমন। নিলামের আগেই বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপির সরাসরি চুক্তিতে স্কোয়াডে অন্তর্ভুক্ত করে লাহোর কালান্দার্স।
লেগ স্পিনার রিশাদকে নিয়ে কাড়াকাড়ির পর শেষমেশ ৩ কোটি পাকিস্তানি রুপিতে তার ঠাঁই হয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি পিন্ডিজে। ভিত্তিমূল্য ৬০ লাখ পাকিস্তানি রুপিতে গতিময় ডানহাতি পেসার নাহিদকে নিয়েছে পেশোয়ার। ৬০ লাখ পাকিস্তানি রুপিতেই লাহোরে মোস্তাফিজের সঙ্গী হয়েছেন ব্যাটার পারভেজ। ফলে প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ মিলেছে তার।
পিএসএলের ১১তম আসরে বাংলাদেশের কে কোন দলে
লাহোর কালান্দার্স: মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন
পেশোয়ার জালমি: নাহিদ রানা ও শরিফুল ইসলাম
রাওয়ালপিন্ডি পিন্ডিজ: রিশাদ হোসেন।