পিএসএলকে ‘অবসরপ্রাপ্তদের লিগ’ বললেন শেহজাদ
পাকিস্তান ক্রিকেট দলের টানা ব্যর্থতা নিয়ে নিয়মিত সমালোচনার পাশাপাশি এবার দেশটির ক্রিকেট কাঠামো নিয়ে প্রশ্ন তুললেন আহমেদ শেহজাদ। সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার আইপিএল ও পিএসএল-এর মানের তুলনা টেনে বিস্ফোরক মন্তব্য করেছেন।
নিজের ইউটিউব চ্যানেলে শেহজাদ বলেন, ‘আইপিএল-এর দিকে তাকালে দেখবেন সেখানে অনেক সুপারস্টার রয়েছেন, যারা লিগটিকে প্রতিদ্বন্দ্বিতামূলক করে তোলেন। সেখানকার দলগুলো বছরের পর বছর বিনিয়োগ করে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে।’
অন্যদিকে পিএসএল নিয়ে তার মন্তব্য বেশ কড়া। তিনি বলেন, ‘গত ৩-৪ বছর ধরে পিএসএল কেবল অবসরপ্রাপ্ত খেলোয়াড় আর ধারাভাষ্যকারদের ভাড়া করে এনেছে এবং তাদের সুপারস্টার বানিয়েছে। এমনকি অবসর নেওয়া ক্রিকেটাররাই এখন আপনাদের ব্র্যান্ডের মুখ। তারা মোটা অঙ্কের টাকা পাচ্ছেন ঠিকই, কিন্তু আসলে কাজের কাজ কিছুই হচ্ছে না। আমার মনে হয় পিএসএল এখন ঠিক এটাই হয়ে দাঁড়িয়েছে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজেও পাকিস্তানের হারের পর এমন কড়া প্রতিক্রিয়া দেখালেন এই ক্রিকেটার। বর্তমান সময়কে তিনি পাকিস্তান ক্রিকেটের সবথেকে দুর্বল পর্যায় হিসেবে বর্ণনা করেছেন।
শেহজাদ বর্তমান দলের মূল খেলোয়াড়দের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, ৫-৭ বছর আগে পিএসএল-এর যে মান ছিল, বর্তমান খেলোয়াড়দের সেই যোগ্যতা নেই। তিনি অভিযোগ করেন, বোর্ড কোনো ফল ছাড়াই গুটিকয়েক খেলোয়াড়ের ওপর বিপুল অর্থ বিনিয়োগ করেছে।
শেহজাদ বলেন, ‘আপনারা এই ছেলেদের সব স্পনসরশিপ দিয়েছেন, তাদের প্রচার করেছেন এবং তাদের পেছনে টাকা ঢেলেছেন। পিএসএল-এ তাদের অধিনায়কত্ব দিয়েছেন। তাদের হাতে পুরো পাকিস্তান দল তুলে দিয়েছেন। বিনিময়ে তারা কী করেছেন? আমোদ-প্রমোদ আর পার্টি করে নিজেদের পকেট ভরেছেন, কিন্তু পাকিস্তানের জন্য কোনো জয় এনে দিতে পারেননি।’
খেলোয়াড়রা হারের দায় স্বীকার না করায় এবং তাদের সামনে বোর্ড ক্ষমতাহীন হয়ে পড়ায় ক্ষোভ ঝেড়েছেন শেহজাদ, ‘খেলোয়াড়দের ধৃষ্টতা এতটাই যে, আজও তারা স্বীকার করতে রাজি নন যে আমরাই দায়ী। একজন খেলোয়াড়ও দায় নিচ্ছেন না। আজও তারা একে অপরের ওপর দোষ চাপান।’
পিসিবি-র ওপর চরম অসন্তোষ প্রকাশ করে তিনি সবশেষে বলেন, ‘আমি আমার জীবনে পিসিবি-কে এত দুর্বল দেখিনি। তাদের ক্ষমতা থাকলেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মনে হয় তারা খেলোয়াড়দের সামনে হাঁটু গেড়ে বসে আছেন। এই পিসিবি কিছুই করতে পারবে না। প্রতিটি টুর্নামেন্টের পর তাঁরা নতুন কোনো নাটক করার চেষ্টা করেন, কিন্তু সাধারণ মানুষ এখন তাদের এই ধরন ধরে ফেলেছে।’