১২৮ বছর পর অলিম্পিকে ক্রিকেট, শুরু হলো স্টেডিয়াম নির্মাণ

স্পোর্টস ডেস্ক

প্রায় দেড় শতকের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও অলিম্পিক মঞ্চে ফিরছে ক্রিকেট। আর সেই ঐতিহাসিক প্রত্যাবর্তনের পথে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল নতুন অধ্যায়। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিককে সামনে রেখে যুক্তরাষ্ট্রে নির্মাণকাজ শুরু হয়েছে ক্রিকেট ভেন্যুর, যা খেলাটির জন্য এক নতুন দিগন্তের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বুধবার নিশ্চিত করেছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পোমোনা এলাকার ফেয়ারগ্রাউন্ডসে নির্মাণাধীন অস্থায়ী স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে অলিম্পিক ক্রিকেট প্রতিযোগিতা। টি-টোয়েন্টি ফরম্যাটে পুরুষ ও নারী দুই বিভাগেই ছয়টি করে দল অংশ নেবে এই আসরে।

১৯০০ সালের পর এই প্রথমবারের মতো অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট, প্রায় ১২৮ বছর পর যা নিঃসন্দেহে বিশ্ব ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ এই উদ্যোগকে ক্রিকেটের বৈশ্বিক বিস্তারের বড় পদক্ষেপ হিসেবে দেখছেন। এক বিবৃতিতে তিনি বলেন, অলিম্পিক আন্দোলনের অংশ হওয়া ক্রিকেটের জন্য শুধু গর্বের নয়, বরং এটি নতুন স্বপ্নেরও জন্ম দেয়। তার মতে, এই সুযোগ ক্রিকেটকে নতুন অঞ্চলে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে, এই ভেন্যুটি শুধু অলিম্পিকেই সীমাবদ্ধ থাকবে না। চলতি বছরই এখানে অনুষ্ঠিত হবে মেজর লিগ ক্রিকেটের তিনটি ম্যাচ, যা ১ থেকে ৫ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা। ফলে অলিম্পিকের আগে থেকেই আন্তর্জাতিক মানের ম্যাচ আয়োজনের মাধ্যমে স্টেডিয়ামটি প্রস্তুত হয়ে উঠবে।