‘পাইপলাইনে ঘাটতি’র কারণে চমক জাগিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে শারমিন

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ নারী দলের আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য শনিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে চমক জাগিয়ে প্রথমবারের মতো জাতীয় টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ওপেনার শারমিন সুলতানা।

শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে সাড়ে ছয় বছর পর এই সংস্করণের জাতীয় দলে ফেরেন শারমিন। তিন ম্যাচে মাত্র ৪২ রান করা এই ব্যাটার টি-টোয়েন্টি দলে অভিজ্ঞ ক্রিকেটার ফারজানা হক পিংকির জায়গা নিয়েছেন।

৩২ বছর বয়সী শারমিন গত ফেব্রুয়ারিতে নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সে এবং এর আগে গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষের সিরিজে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে খেলেছিলেন। সেগুলোতে তার পারফরম্যান্স ছিল একেবারে সাদামাটা। নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সে পাঁচ ম্যাচে ৯৩ রান এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে তিন ম্যাচে ৪০ রান করেছিলেন তিনি।

শনিবার দ্য ডেইলি স্টারকে নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন বলেন, 'বিবেচনার বিষয় হলো, সে বর্তমানে ওয়ানডে খেলছে এবং সাম্প্রতিক সময়ে ইমার্জিং দলের হয়ে টি-টোয়েন্টিতেও কিছু রান করেছে। সে কারণেই আমরা তাকে ওপেনার হিসেবে রাখার চেষ্টা করেছি।'

জাতীয় ক্রিকেট লিগেও (টি-টোয়েন্টি সংস্করণ) খুব একটা ছন্দে ছিলেন না শারমিন। রাজশাহীর হয়ে সাত ইনিংসে তিনি স্রেফ ১২৬ রান করেছিলেন।

শিপন আরও যোগ করেন, 'টি-টোয়েন্টি ও ওয়ানডে— উভয় ক্ষেত্রেই খেলোয়াড়ের ঘাটতি রয়েছে। পাইপলাইন যথেষ্ট শক্তিশালী না হওয়ায় মানিয়ে নেওয়াটা আমাদের জন্য খুবই কঠিন।'

চলতি বছর নেপালে অনুষ্ঠিত আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব ছিল এই সংস্করণে বাংলাদেশের সর্বশেষ অভিযান। সেখানে খেলা ফারজানাকে স্ট্যান্ডবাই (অপেক্ষমাণ) তালিকায় রাখা হয়েছে।

তিন ম্যাচের এই সিরিজ শুরু হবে আগামী ২৮ এপ্রিল। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩০ এপ্রিল ও ২ মে। সবগুলো ম্যাচই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে।

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, ঋতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও জুয়াইরিয়া ফেরদৌস।