পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দলে নতুন মুখ অমিত ও তানজিদ

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের প্রথম টেস্টের জন্য রোববার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে নতুন মুখ দুটি। প্রথমবারের মতো বাংলাদেশের টেস্ট দলে ডাক পেয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম ও মিডল অর্ডার ব্যাটার অমিত হাসান। দীর্ঘ বিরতির পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরেছেন দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

আগামী ৮ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ১৬ মে থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান ২০২৫-২৭ চক্রের অংশ। সিরিজে অংশ নিতে আগামী ৩ মে ঢাকায় পৌঁছাবে পাকিস্তান ক্রিকেট দল এবং সিরিজ শেষে ২১ মে তারা ঢাকা ত্যাগ করবে।

সাদা বলের ক্রিকেটে জাতীয় দলে নিয়মিত মুখ হলেও ২৫ বছর বয়সী তানজিদের জন্য এটিই টেস্ট দলে প্রথম ডাক। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫টি ম্যাচে ৪০.৭২ গড়ে ১৭৯২ রান করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই বাঁহাতি। তার নামের পাশে রয়েছে পাঁচটি সেঞ্চুরি ও ছয়টি ফিফটি।

অন্যদিকে, ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সের মাধ্যমে দলে জায়গা করে নিয়েছেন ২৪ বছর বয়সী অমিত। ২০১৯ সালে অভিষেকের পর ৪৯টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৯.৩২ গড়ে ৩৬৫০ রান করেছেন এই ডানহাতি। ১১টি সেঞ্চুরির সঙ্গে ১৭টি ফিফটি আছে তার।

পেস ইউনিটে বড় শক্তি হয়ে ফিরেছেন ডানহাতি তাসকিন ও বাঁহাতি শরিফুল। তারা সবশেষ ২০২৪ সালের নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশের জার্সিতে টেস্ট খেলেছিলেন। এছাড়া, প্রায় এক বছর পর লাল বলের দলে ফিরেছেন অফ স্পিনার নাঈম হাসান।

নতুনদের অন্তর্ভুক্তি নিয়ে জাতীয় দলের নির্বাচক প্যানেলের চেয়ারম্যান হাবিবুল বাশার বলেন, 'তানজিদ আমাদের টেস্ট ক্রিকেটের ভাবনায় আগে থেকেই ছিল। প্রথম শ্রেণির ক্রিকেটে ওর রেকর্ড খুব ভালো এবং আমাদের মনে হয়েছে, টেস্টে নিজের সামর্থ্য দেখানোর সুযোগ ওর প্রাপ্য। ওর টেকনিক বেশ কার্যকর এবং সহজাত প্রতিভা রয়েছে। আমরা আত্মবিশ্বাসী যে, সুযোগ পেলে ও বড় ফরম্যাটেও ভালো করবে।'

অমিত সম্পর্কে তিনি বলেন, 'অমিত তার প্রাপ্য জায়গাটিই পেয়েছে। কারণ, আমাদের ঘরোয়া ক্রিকেটে সে অন্যতম ধারাবাহিক ব্যাটার। ওর টেম্পারামেন্ট দারুণ, যা টেস্ট ক্রিকেটের জন্য উপযুক্ত বলে আমরা মনে করি। এই ফরম্যাটে ধৈর্য ও শৃঙ্খলা প্রয়োজন, যা সে দীর্ঘ সময় ধরে দেখিয়ে আসছে। এই দুই খেলোয়াড়ের সামনে অনেকটা সময় পড়ে আছে এবং তারা দীর্ঘকাল বাংলাদেশকে সেবা দিতে পারবে।'

প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও অমিত হাসান।