ভেন্যু বদল নয়, সিলেটেই হবে দ্বিতীয় টেস্ট, স্কোয়াডও অপরিবর্তিত

ক্রীড়া প্রতিবেদক

প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকায় দ্বিতীয় টেস্ট সিলেট থেকে সরিয়ে ঢাকায় আনা যায় কি না, এরকম একটা আলোচনা চলছিল। তবে বিসিবি নিশ্চিত করেছে এরকম কিছু হচ্ছে না। সিলেটেই হবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সেই টেস্টের স্কোয়াডও থাকছে অপরিবর্তিত।

আগামী ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ঐতিহ্যগতভাবে সিলেটের উইকেট পেসবান্ধব। পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে মিরপুরেও পেসারদের সহায়তা থাকা উইকেটে খেলছে স্বাগতিক দল। সিলেটে ঘাসের আধিক্য আরও বেশি থাকতে পারে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘আবহাওয়াজনিত উদ্বেগের কারণে দ্বিতীয় টেস্টের ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বিসিবি কিছু প্রশ্ন পেয়েছে। বোর্ড আবারও নিশ্চিত করছে যে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামই দ্বিতীয় টেস্টের ভেন্যু হিসেবে থাকছে।’

স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।