জয়ের ফিফটি, দেড়শ ছাড়ানো লিড নিয়ে ভালো অবস্থানে বাংলাদেশ
তানজিদ হাসান তামিম দ্রুত বিদায় নেওয়ার পর জুটি বাঁধলেন মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। পাকিস্তানের বোলারদের হতাশ করে এগোচ্ছিলেন দুজন। তবে মারমুখী ব্যাটিংয়ে ফিফটি হাঁকিয়ে জয় থামার পর দিনের শেষ বলে উইকেট ছুড়ে দিলেন মুমিনুল হক। যদিও ভালো অবস্থানে থাকা বাংলাদেশের লিড ইতোমধ্যে ছাড়িয়েছে দেড়শ।
রোববার সিলেট টেস্টের তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে টাইগারদের সংগ্রহ ২৬.৪ ওভারে ৩ উইকেটে ১১০ রান। ক্রিজে অপরাজিত আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩২ বলে ১৩ রানে। জয় ১০টি চারের সাহায্যে ৬৪ বলে ৫২ রানের ইনিংস খেলেন। মুমিনুল সাজঘরে ফেরেন ৬০ বলে তিনটি চারে ৩০ রানে। এর আগে তানজিদ ৭ বলে ৪ রান করে আউট হন।
এর আগে চা বিরতির পর পাকিস্তানের প্রথম ইনিংস ২৩২ রানে আটকে দিয়ে ৪৬ রানের গুরুত্বপূর্ণ লিড পায় বাংলাদেশ। তা বেড়ে দাঁড়িয়েছে ১৫৬ রানে। স্বাগতিকদের হাতে জমা রয়েছে আরও ৭ উইকেট।
প্রথম ইনিংসে ২৬ রানে আউট হওয়া তানজিদ অভিষেক টেস্ট রাঙাতে পারেননি। দ্বিতীয় দফায় বাউন্ডারি দিয়ে শুরু করলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন। খুররম শাহজাদের অফ স্টাম্পের বাইরের বলে গালিতে সাউদ শাকিলের হাতে ক্যাচ দেন তিনি।
তানজিদের দ্রুত বিদায়ের পর হাল ধরেন সিরিজে আগের তিন ইনিংসে ব্যর্থ হওয়া জয়। এবার শুরু থেকেই দুর্দান্ত টাইমিংয়ে দৃষ্টিনন্দন কিছু শট খেলেন তিনি। সহজাত ব্যাটিংয়ে তাকে দারুণ সঙ্গ দেন মুমিনুল। পাকিস্তানের বোলারদের নিরাশ করে মাত্র ৫৪ বলে এই দুজনের জুটি পঞ্চাশ স্পর্শ করে। তাদের কাঁধে ভর করে দ্রুতগতিতে এগোতে থাকে বাংলাদেশ।
মারমুখী ব্যাটিংয়ে ৫৮ বলে ফিফটি তুলে নেওয়ার পর অবশ্য টিকতে পারেননি জয়। মোহাম্মদ আব্বাসের বলে ফ্লিক করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে আব্দুল্লাহ ফজলের চমৎকার ক্যাচে ধরা পড়েন এই ওপেনার। তিনি সাজঘরে ফিরলে ভাঙে ৯১ বল স্থায়ী ৭৬ রানের জুটি।
জয় ফেরার পর রানের গতি কমে যায়। আর কোনো উইকেট না খুইয়ে ক্রিজে টিকে থাকায় মনোযোগী ছিলেন মুমিনুল ও শান্ত। দিনের শেষ ভাগে টানা দুই ওভার মেডেন খেলেন তারা।
শেষ ওভারটিও অনায়াসেই পার করে দিতে পারতেন অভিজ্ঞ মুমিনুল। কিন্তু শাহজাদের অফ স্টাম্পের বাইরের বল ছেড়ে দেওয়ার সুযোগ থাকলেও অহেতুক শট খেলতে গিয়ে বিপদ ডেকে আনেন তিনি। তার ব্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়ে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে। দিনের শেষ বলে তার আউটে ভাঙে ৫০ বলে ১৯ রানের জুটিও।