বাংলাদেশকে লিড পাইয়ে দিলেন তাইজুল-নাহিদ
চা বিরতির পর প্রতিপক্ষকে অলআউট করতে বেশি সময় নিল না বাংলাদেশ। সাজিদ খানের ছক্কা-ঝড় থামিয়ে পাকিস্তানের ইনিংসের ইতি টানলেন নাহিদ রানা। তার ও তাইজুল ইসলামের নৈপুণ্যে টাইগাররা পেল ৪৬ রানের গুরুত্বপূর্ণ লিড।
রোববার সিলেট টেস্টের তৃতীয় দিনে পাকিস্তানের প্রথম ইনিংস থেমেছে ২৩২ রানে। তারা ব্যাট করতে পেরেছে ৫৭.৪ ওভার। তৃতীয় সেশনে মাত্র ১৬ বল খেললেও দলটি স্কোরবোর্ডে জমা করে আরও ২৬ রান। তবে তাদের হাতে বাকি থাকা দুটি উইকেট তুলে নেয় স্বাগতিকরা। আগের দিন বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছিল ২৭৮ রানে।
চা বিরতির পর প্রথম ওভারেই খুররম শাহজাদকে ফেরান গতিময় পেসার নাহিদ। শর্ট বল পুল করে মাহমুদুল হাসান জয়ের তালুবন্দি হন তিনি। ১০ বল খেলে একটি করে ছক্কা ও চারে ১০ রান করেন শাহজাদ।
এরপর সাজিদের ব্যাট হয়ে ওঠে উত্তাল। তাইজুলের এক ওভারেই তিনি তিনটি ছক্কা হাকিয়ে ব্যবধান কমিয়ে আনেন। তাকেও সাজঘরে পাঠান নাহিদ। উইকেটের পেছনে ক্যাচ নেন তানজিদ হাসান। ২৮ বলে চার ছক্কা ও দুটি চারে ৩৮ রানের ইনিংস খেলেন সাজিদ। শেষ ব্যাটার মোহাম্মদ আব্বাস অপরাজিত থাকেন ৪ বলে শূন্য রানে।
৬০ রানে ৩ উইকেট শিকার করে বাংলাদেশের সফলতম পেসার নাহিদ। বাঁহাতি স্পিনার তাইজুল সমানসংখ্যক উইকেট নিতে খরচ করেন ৬৭ রান। এছাড়া, দুটি করে উইকেট দখল করেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।