ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের, তাইজুলকে নিয়ে স্বস্তির খবর

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে প্রস্তুতিটা মোটেও ভালো হলো না বাংলাদেশের। ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে একমাত্র তিন দিনের প্রস্তুতি ম্যাচে ইনিংস ও ৩৮ রানে হেরেছে টাইগাররা। তবে বড় হারের দিনে তাইজুল ইসলামকে নিয়ে মিলেছে স্বস্তির খবর।

ম্যাচের তৃতীয় ও শেষ দিনে মাত্র ৫৪ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। আগের দিন ২ উইকেটে ১৯ রান নিয়ে দিন শেষ করা দলটি শেষ দিনে যোগ করতে পেরেছে মাত্র ৩৫ রান। ফলে ইনিংস ব্যবধানে হার এড়াতে পারেনি তারা।

এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসের ২৬৩ রানের জবাবে ৩৫৫ রান করে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। এতে ৯২ রানের লিড পায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে সেই লিডও পেরোতে পারেনি বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

ওভারনাইট ব্যাটার তানজিদ হাসান তামিম ৪১ বলে ২২ রান করে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। এছাড়া কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। শাদমান ইসলাম, মুমিনুল হক ও মেহেদী হাসান মিরাজ তিনজনই করেন মাত্র ৬ রান করে।

বাংলাদেশের ব্যাটিংয়ের এমন ভঙ্গুর চিত্র অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে অস্ট্রেলিয়ার কন্ডিশনে নিজেদের মানিয়ে নেওয়ার জন্য এই ম্যাচটিই ছিল বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ।

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বোলারদের মধ্যে ভয়ংকর ছিলেন ক্যাম্পবেল থম্পসন। মাত্র ১১ ওভারে ২৫ রান দিয়ে একাই নিয়েছেন ৮ উইকেট, যার মধ্যে ছিল দুটি মেডেনও।

তবে বড় পরাজয়ের মধ্যেও বাংলাদেশের জন্য স্বস্তির খবর হয়ে এসেছে তাইজুল ইসলামকে ঘিরে। ম্যাচের প্রথম দিন ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পেয়েছিলেন বাঁহাতি এই স্পিনার। সেই চোট নিয়ে শঙ্কা তৈরি হলেও এখন তার অবস্থা অনেকটাই ভালো।

বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, তাইজুলের ব্যথা ও ফোলা উল্লেখযোগ্যভাবে কমেছে। প্রথম টেস্টের আগে এখনও কয়েক দিন হাতে থাকায় তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

বায়েজিদুল বলেন, ‘প্রথম দিনে চোট পাওয়ার পর তাইজুলের ব্যথা ও ফোলা উল্লেখযোগ্যভাবে কমেছে। প্রথম টেস্টের আগে এখনও পাঁচ দিন সময় আছে। চোট নিয়ে কাজ করার জন্য আমাদের হাতে আরও চার দিন রয়েছে। তাই আমরা আশা করছি, এই সময়ের মধ্যে সে পুরোপুরি সুস্থ হয়ে প্রথম টেস্টের জন্য প্রস্তুত থাকবে।’

আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এরপর ২২ আগস্ট ম্যাকেতে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।