এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক

মালয়েশিয়ার বিপক্ষে এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। জ্বরের কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন ব্যাটার নাজমুল হোসেন শান্ত।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) জানায়, ‘আমাদের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত অসুস্থ।’

বার্তায় আরও বলা হয়, ‘বাংলাদেশ দলের চিকিৎসক, বিসিবির ফিজিও ও স্থানীয় মেডিকেল টিমের পর্যবেক্ষণ শেষে তাকে এশিয়ান গেমস থেকে বাদ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রথম সুবিধাজনক ফ্লাইটেই আগামীকাল তিনি দেশে ফিরে আসবেন।’

‘বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশ দলের সিডিএম মেজর (অব.) ইমরোজ আহমেদ শান্তর দ্রুত সুস্থতা ও নিরাপদ প্রত্যাবর্তনের শুভকামনা জানিয়েছেন,’ যোগ করা হয় বার্তায়।

জাতীয় টি-টোয়েন্টি দলের সাবেক অধিনায়ক শান্ত এই সংস্করণে সর্বশেষ খেলেছিলেন ২০২৫ সালের মে মাসে, শারজাহতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। বাদ পড়ে এক বছরেরও বেশি সময় বাইরে থাকার পর এশিয়ান গেমস দিয়েই ২০ ওভারের ক্রিকেটের দলে ফিরেছিলেন তিনি।

জাপান সফরের আগে মিরপুরে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। তবে ছোটখাটো একটি চোটের কারণে কোনো ম্যাচেই নামতে পারেননি শান্ত।

আগামীকাল মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি যদি বৃষ্টিতে ভেস্তে যায়, তবে না খেলেই সেমিফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ। সেক্ষেত্রে আগামী ১ অক্টোবরে শেষ চারে তাদের প্রতিপক্ষ হবে পাকিস্তান।

বৃষ্টির শঙ্কা নিয়ে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, ‘যদি ম্যাচ না হয়, তবে আমাদের কিছু করার থাকবে না। বৃষ্টির ওপর তো কারও নিয়ন্ত্রণ নেই।’

উইকেট ও একাদশের সমন্বয় নিয়ে লিটন যোগ করেন, ‘আমার মনে হয়, উইকেট বোলারদের জন্য সহায়ক হবে। আমরা আমাদের সেরা বোলারদের খেলাতে চেষ্টা করব। সামগ্রিকভাবে দল সাজানো হতে পারে পাঁচ বোলার ও ছয় ব্যাটার নিয়ে।’