অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগেই ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের ঠিক আগে খারাপ খবর পেল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে উঠতে না পারায় কিংসমিডে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে খেলতে পারছেন না তারকা পেসার কাগিসো রাবাদা। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ম্যাচটিতে প্রোটিয়াদের এই গতিদানবের জায়গায় খেলবেন দীর্ঘদিন পর লাল বলের ক্রিকেটে ফেরা অনরিখ নরকিয়া।

সাদা বলের ক্রিকেটে মনোযোগী হওয়ার কারণে দীর্ঘ সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে টেস্ট বা প্রথম শ্রেণির ম্যাচ খেলেননি নরকিয়া। ফলে টেস্ট একাদশে তার এই ফেরা বেশ চমকপ্রদ।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা বলেন,

‘সিদ্ধান্তটা একেবারেই সহজ ছিল না। আমরা ঝুঁকি না নিয়ে সতর্ক পথ বেছে নিয়েছি, যাতে ও নিজেকে শতভাগ ফিট করার জন্য আরও কয়েকটা দিন বাড়তি সময় পায়।’

৭৩ টেস্টে ৩৪০ উইকেটের মালিক রাবাদা দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের মূল ভরসা। তিনি না থাকা মানে স্বাগতিকদের জন্য বেশ বড় এক ধাক্কা। 

গত বছরের জুনে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই ঐতিহাসিক জয়ের একাদশে রাবাদা ছাড়াও আরও একটি পরিবর্তন এসেছে। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া লুঙ্গি এনগিডির জায়গায় দলে এসেছেন স্পিনার সাইমন হারমার।

প্রথম টেস্টের দক্ষিণ আফ্রিকা একাদশ:

আইডেন মার্করাম, রায়ান রিকেলটন, ডেভিড বেডিংহাম, টেম্বা বাভুমা (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইন, মার্কো ইয়ানসেন, উইয়ান মুল্ডার, সাইমন হারমার, কেশব মহারাজ ও অনরিখ নরকিয়া।