নাজমুল ইস্যুতে বিসিবির পদক্ষেপ, নির্ধারিত সময়ে হচ্ছে না বিপিএলের খেলা

স্পোর্টস ডেস্ক

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য ঘিরে সৃষ্ট সংকট এখন সরাসরি আঘাত হেনেছে বিপিএলের মাঠে। তার পদত্যাগের দাবিতে ক্রিকেটারদের দেওয়া আল্টিমেটাম কার্যকর হওয়ার মুহূর্তে এসে নির্ধারিত সময়ে বিপিএলের ম্যাচ আয়োজন যে হচ্ছে না, তা কার্যত নিশ্চিত হয়ে গেছে।

আজ দুপুর ১টায় মিরপুরে বিপিএলের ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও ঠিক একই সময়ে রাজধানীর বনানীর শেরাটন হোটেলে সংবাদ সম্মেলন ডেকেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। মাঠের বাইরে, ভিন্ন স্থানে এবং ম্যাচ শুরুর নির্ধারিত সময়েই ক্রিকেটারদের প্রতিনিধিত্বকারী সংগঠনের সংবাদ সম্মেলন ডাকার অর্থ, খেলোয়াড়রা মাঠে নামছেন না, অন্তত নির্ধারিত সময়ে নয়।

এর আগে কোয়াব স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল, বিপিএলের ম্যাচ শুরুর আগে এম নাজমুল ইসলাম পরিচালক পদ থেকে পদত্যাগ না করলে ক্রিকেটাররা সব ধরনের খেলা থেকে বিরত থাকবেন। সেই আল্টিমেটামের সময়সীমা পার হওয়ার মুখে থাকলেও এখনো নাজমুলের পদত্যাগ কিংবা কোনো গ্রহণযোগ্য সমাধান না আসায় অচলাবস্থা আরও ঘনীভূত হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে গভীর রাতে বিসিবি পরিচালক ও কোয়াব নেতৃত্বের মধ্যে রাজধানীর একটি হোটেলে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বোর্ডের পক্ষ থেকে নাজমুলকে অর্থ কমিটির প্রধানের চলতি দায়িত্ব থেকে অব্যাহতির আশ্বাস দেওয়া হলেও ক্রিকেটাররা সরাসরি পরিচালক পদ থেকে তার পদত্যাগের দাবিতে অনড় থাকেন। ওই বৈঠকে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনের সঙ্গে উপস্থিত ছিলেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহান। বিসিবির পক্ষে ছিলেন পরিচালক ইফতেখার রহমান মিঠু।

এই টানাপোড়েনের মধ্যেই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড জানিয়েছে, নাজমুল ইসলামের মন্তব্যের বিষয়ে শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং বিষয়টি গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী নিষ্পত্তি হবে।

বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বোর্ডের একজন সদস্যের সাম্প্রতিক আপত্তিকর মন্তব্যের জন্য পুনরায় দুঃখ প্রকাশ করছে। এই মন্তব্যে সৃষ্ট উদ্বেগের বিষয়টি বিসিবি স্বীকার করছে এবং ক্রিকেটারদের প্রতি পেশাদারিত্ব, সম্মান ও ক্রিকেটের বিকাশে সহায়ক মূল্যবোধের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।'

'একটি সাংবিধানিক সংস্থা হিসেবে বিসিবি প্রতিষ্ঠিত নিয়ম, বিধি ও পেশাদার নির্দেশনার আলোকে এসব বিষয় নিষ্পত্তি করতে বাধ্য। এই দায়িত্বের অংশ হিসেবেই সংশ্লিষ্ট বোর্ড সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করা হয়েছে। তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি বিবেচনা করা হবে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে,' যোগ করে সংস্থাটি। 

তবে বিসিবির এই আশাবাদী আহ্বান আপাতত বাস্তবতায় প্রতিফলিত হয়নি। বরং কোয়াব আজ দুপুর ১টায় আবার সংবাদ সম্মেলনে বসছে, যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, নির্ধারিত সময়ে বিপিএলের ম্যাচ মাঠে গড়াচ্ছে না।

এর আগে নাজমুল ইসলামের করা মন্তব্য, টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল ভারতে না গেলে বোর্ডের ক্ষতি নয়, বরং খেলোয়াড়দের আর্থিক ক্ষতির কথা বলা এবং কোটি কোটি টাকা খরচের প্রসঙ্গ টেনে আনা, ক্রিকেটারদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। পাশাপাশি সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সামাজিক যোগাযোগমাধ্যমে 'ভারতীয় দালাল' বলে আখ্যা দেওয়ার ঘটনাও আগুনে ঘি ঢালে, যার প্রতিবাদে সরব হন জাতীয় দলের বর্তমান ক্রিকেটাররাও।