রাজশাহীর বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ে চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক

ফাইনাল শুরুর আগে ভাগ্যকে পাশে পেলেন শেখ মেহেদী হাসান। টস জিতে বিসিবির পরিচালনায় থাকা চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক বেছে নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। অর্থাৎ নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্সকে আগে নামতে হবে ব্যাটিংয়ে।

বরাবরের মতো অনেক অসঙ্গতি সঙ্গী করে শুক্রবার শিরোপা নির্ধারণী লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা নামতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি চট্টগ্রাম ও রাজশাহী। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

টুর্নামেন্টের লিগ পর্বের পয়েন্ট তালিকায় প্রথম দুটি স্থানে ছিল এই দুই ফ্র্যাঞ্চাইজিই। ১০ ম্যাচে আট জয়ে ১৬ পয়েন্ট নিয়ে রাজশাহী ছিল সবার উপরে। সমান ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট পেয়ে নেট রান রেটের পার্থক্যে চট্টগ্রাম ছিল দুইয়ে।

এবারের বিপিএলে দুই দলের মধ্যকার এটি চতুর্থ লড়াই। আগের তিন সাক্ষাতে চট্টগ্রাম এগিয়ে আছে ২-১ ব্যবধানে। প্রথম পর্বে প্রথম দেখায় তারা জিতেছিল ২ উইকেটে। দ্বিতীয় দেখায় রাজশাহী পেয়েছিল ৩ উইকেটের জয়। এরপর প্লে-অফ পর্বের প্রথম কোয়ালিফায়ারে ফের জয় তুলে নিয়েছিল চট্টগ্রাম, ৬ উইকেটের ব্যবধানে।

চট্টগ্রামের একাদশে কোনো পরিবর্তন নেই। তাদের বিদেশি খেলোয়াড়রা হলেন মির্জা বেগ, আসিফ আলী, হাসান নাওয়াজ ও আমির জামাল। রাজশাহীর একাদশে বদল এসেছে একটি। মোহাম্মদ রুবেলের জায়গায় ঢুকেছেন হাসান মুরাদ। তাদের বিদেশি ক্রিকেটাররা হলেন সাহিবজাদা ফারহান, কেইন উইলিয়ামসন, জিমি নিশাম ও বিনুরা ফার্নান্দো।

প্রচলিত রীতি অনুসরণ না করায় এবারের বিপিএল শুরুর আগে সব দলের অধিনায়ককে নিয়ে ট্রফি উন্মোচন হয়নি। অবশেষে ফাইনাল শুরুর কিছু সময় আগে উন্মোচন করা হয়েছে নতুন নকশার ট্রফি। বিকাল সাড়ে ৪টার দিকে হেলিকপ্টারে করে ট্রফি নিয়ে মাঠে নামেন আকবর আলী ও সালমা খাতুন।

চট্টগ্রাম রয়্যালস:
নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, মির্জা বেগ, আসিফ আলী, শেখ মেহেদী হাসান (অধিনায়ক), জাহিদুজ্জামান খান (উইকেটরক্ষক), হাসান নাওয়াজ, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও আমির জামাল।

রাজশাহী ওয়ারিয়র্স:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাহিবজাদা ফারহান, কেইন উইলিয়ামসন, জিমি নিশাম, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহেরব হাসান, হাসান মুরাদ, তানজিম হাসান সাকিব, আব্দুল গাফফার সাকলাইন ও বিনুরা ফার্নান্দো।