সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ফিট হওয়ার লড়াইয়ে হামজা
তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী এখন সময়ের বিরুদ্ধে লড়ছেন। আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ। কিন্তু গত শনিবার ক্লাব লেস্টার সিটির হয়ে খেলার সময় তিনি হাঁটুতে চোট পান। চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপের ম্যাচে এই অঘটন ঘটে। ফলে সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার আগে তিনি ফিট হতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
সেদিন ম্যাচের মাত্র আধা ঘণ্টার মাথায় মাঠ ছাড়তে বাধ্য হন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক হামজা। পরে তাকে ক্রাচে ভর দিয়ে স্টেডিয়াম ছাড়তে দেখা যায়। সেসময় তার ডান হাঁটুতে শক্ত বন্ধনী (ব্রেস) লাগানো ছিল। এতে বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আসন্ন আন্তর্জাতিক ম্যাচটিতে তাকে পাওয়া নিয়ে তখনই গভীর উদ্বেগ তৈরি হয়।
প্রাথমিক মেডিকেল রিপোর্ট থেকে জানা গেছে, হামজা ডান হাঁটুর মিডিয়াল কোলাট্যারাল লিগামেন্টে (এমসিএল) চোট পেয়েছেন। তবে ধারণা করা হচ্ছে, তার কোনো অস্ত্রোপচার লাগবে না। সুস্থ হতে যদিও এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে অন্তত ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। এভাবে দীর্ঘ সময়ের ছিটকে যাওয়া সিঙ্গাপুরের মাটিতে তার খেলার সম্ভাবনাকে বড় অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে।
ওই ম্যাচের শেষে লেস্টারের অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কিং বলেন, এই চোট থেকে হামজার দ্রুত সেরে ওঠার সুযোগ কম, 'হামজার হাঁটুতে বড় ধরনের চোট লেগেছে। সে হাঁটুবন্ধনী ও ক্রাচ ব্যবহার করছে। এটি খুব দ্রুত ঠিক হবে বলে আমার মনে হয় না।'
ফিট হতে না পারলে সিঙ্গাপুরের বিপক্ষে হামজার অনুপস্থিতি বাংলাদেশের জন্য হবে এক বিরাট ধাক্কা। ২৬ বছর বয়সী এই ফুটবলার লাল-সবুজ জার্সিধারীদের মাঝমাঠের প্রধান ভরসা। তিনি একাধারে দলকে নেতৃত্ব দেন এবং রক্ষণভাগ আগলে রাখেন। ইউরোপের ক্লাব ফুটবলের উচ্চ পর্যায়ে তার অভিজ্ঞতা বাংলাদেশের সাম্প্রতিক উন্নতির মূল শক্তি।
সিঙ্গাপুর যাওয়ার পথে আগামী ২৬ মার্চ ভিয়েতনামের মাটিতে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। তবে আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠেয় এশিয়ান কাপের মূল পর্বে ওঠার সুযোগ আগেই শেষ হয়ে গেছে হাভিয়ের কাবরেরার শিষ্যদের। 'সি' গ্রুপে পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তারা তৃতীয় স্থানে রয়েছে। এই গ্রুপ থেকে ইতোমধ্যে এশিয়ান কাপে নাম লিখিয়েছে সিঙ্গাপুর।