‘ভ্লাহোভিচের গন্তব্য একটাই—বার্সেলোনা’
ইতালির মাটিতে অনিশ্চয়তা, ইনজুরি আর চুক্তি–সংকটের ভেতর দিয়ে সময়টা ভালো যাচ্ছে না দুশান ভ্লাহোভিচের। কিন্তু ভবিষ্যৎ নিয়ে আলোচনায় এবার যোগ হলো নতুন এক চমক। জুভেন্তাস তারকার ঘনিষ্ঠ পরামর্শক ও সার্বিয়ান জাতীয় দলের ফিটনেস কোচ দুশান ইলিচ জানিয়ে দিলেন, মৌসুম শেষে ফ্রি এজেন্ট হয়ে ভ্লাহোভিচের গন্তব্য নাকি একটাই—বার্সেলোনা।
স্প্যানিশ জায়ান্টদের দিকেই যাচ্ছে তার ক্যারিয়ার, এমন বিশ্বাস থেকেই ইলিচ স্পষ্ট ভাষায় বলেছেন, “সে বার্সায় যাবে, আমি তাই মনে করি।”
এই মৌসুমে অ্যাডাক্টর ইনজুরির কারণে গুরুত্বপূর্ণ সময়টায় মাঠের বাইরে ভ্লাহোভিচ। তার ওপর চলতি মৌসুম শেষেই শেষ হচ্ছে জুভেন্তাসের সঙ্গে চুক্তি। ফলে ভবিষ্যৎ নিয়ে জল্পনা ছিলই, কিন্তু ‘তুত্তোস্পোর্ত’-কে দেওয়া সাক্ষাৎকারে ইলিচ যেন সব আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন। তার ভাষায়, জুভেন্তাসে যাওয়ার আগেই স্পেনে খেলার সুযোগ ছিল ভ্লাহোভিচের। অ্যাতলেতিকো মাদ্রিদের প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু তখন ইতালিতেই থাকার সিদ্ধান্ত নেন তিনি। এবার পরিস্থিতি ভিন্ন, বাস্তবতাও ভিন্ন।
ইলিচ মনে করেন, ক্যারিয়ারকে আবার সঠিক পথে ফেরাতে হলে ক্লাব বদলই একমাত্র পথ। তার মতে, ভ্লাহোভিচ ইতালিকে ভালোবাসে, সম্মান করে বলেই এতদিন সেখানে ছিল। কিন্তু এখন সময় এসেছে নতুন প্রকল্পে যাওয়ার, যেখানে সে নিজেকে আবার প্রমাণ করতে পারবে। “তখনই সে আবার ফিওরেন্টিনার সময়কার সেই ক্লাসি খেলোয়াড় হয়ে উঠবে,” বলেন ইলিচ।
তার চোখে ভ্লাহোভিচ সবসময়ই ছিলেন বিশ্বমানের গোলস্কোরার। স্কিল, মানসিকতা, সবই তার মধ্যে আছে, শুধু প্রয়োজন সঠিক পরিবেশ আর ধারাবাহিকতা।
ইনজুরি নিয়েও আশাবাদী বার্তা দিয়েছেন সার্বিয়ান কোচ। তার মতে, চোটটা জটিল হলেও পূর্ণ সুস্থতার পর ভ্লাহোভিচ আবার পুরোনো রূপেই ফিরবে। “মার্চের শুরুতেই তাকে মাঠে দেখা যাবে,” বলেছেন ইলিচ।
একই সঙ্গে যোগ করেছেন, ইনজুরিটি এমন জায়গায় হয়েছে যেখানে সেরে উঠতে সময় লাগে, তাই পুনর্বাসন প্রক্রিয়াও দীর্ঘ হচ্ছে। তবে চিকিৎসক ও বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সে পুরোপুরি সুস্থ হয়ে ফিরবে, গোল করবে, প্রতিপক্ষের জাল কাঁপাবে, আগের মতোই ভয়ংকর হয়ে উঠবে।
২০২১ সাল থেকে ভ্লাহোভিচের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন ইলিচ, কোভিডের সময় আইসোলেশনে ট্রেনিং, পুষ্টি ব্যবস্থাপনা, ফিটনেস প্রস্তুতি সবকিছুতেই ছিলেন পাশে। তাই ভবিষ্যৎ নিয়ে তার বক্তব্যকে হালকা করে দেখার সুযোগ নেই। তার চোখে ভ্লাহোভিচ শুধু বড় খেলোয়াড়ই নয়, মানুষ হিসেবেও অসাধারণ। শারীরিকভাবে তার কোনো ঘাটতি নেই, বরং নিজেকে সর্বোচ্চ পর্যায়ে রাখার জন্য কঠোর পরিশ্রমই তার সবচেয়ে বড় শক্তি।