আর্সেনালকে হারিয়ে লিগ কাপ ম্যানচেস্টার সিটির
নাটক, ভুল আর শাস্তির এক নির্মম গল্প লিখল ম্যানচেস্টার সিটি। লিগ কাপ ফাইনালে আর্সেনালের গোলরক্ষক কেপা আরিজাবালাগার বড় ভুলকে পুঁজি করে ২-০ গোলে জয় তুলে নিয়েছে দলটি। নিকো ও’রাইলির জোড়া গোলে নিজেদের ইতিহাসে নবমবারের মতো এই শিরোপা জিতল পেপ গার্দিওলার দল।
ম্যাচের প্রথমার্ধে তুলনামূলক বেশি গোছানো ফুটবল খেলেছিল আর্সেনালই। শুরুতেই মার্টিন জুবিমেন্দির দারুণ পাস থেকে কাই হাভার্টজ সোনালি সুযোগ পেয়েছিলেন। কিন্তু সিটির গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড অসাধারণ ট্রিপল সেভ করে দলকে বিপদমুক্ত করেন। হাভার্টজের শট ঠেকানোর পর ফিরতি বলে বুকায়ো সাকার দুটি চেষ্টাও রুখে দেন তিনি।
আর্সেনাল প্রেসিংয়ে সিটিকে চাপে রাখলেও আক্রমণে ছিল ধারহীন। সেট-পিসেও দেখা যায়নি তাদের স্বাভাবিক প্রভাব। এক পর্যায়ে সিটি সমর্থকেরা ‘বোরিং, বোরিং আর্সেনাল’ বলে বিদ্রুপও করতে শুরু করে।
তবে বিরতির পর পুরো চিত্র বদলে যায়। দ্বিতীয়ার্ধে সিটি একের পর এক আক্রমণে আর্সেনালকে কোণঠাসা করে ফেলে। ৬০ মিনিটে সেই চাপেরই ফল আসে। রদ্রির উঁচু পাস থেকে বার্নার্দো সিলভা বল বাড়ান রায়ান চেরকির কাছে। তার ক্রস সহজেই কেপার ধরে ফেলার কথা ছিল, কিন্তু বলটি তার হাত ফসকে বেরিয়ে গেলে সামনে থাকা ও’রাইলি কাছ থেকে হেড করে জালে পাঠান।
কেপার সেই ভুল থেকে ধাক্কা সামলানোর আগেই আরও বড় আঘাত হানে সিটি। মাত্র চার মিনিট পর মাতেউস নুনেসের মাপা ক্রসে দূরের পোস্টে দৌড়ে গিয়ে সাকার সামনে থেকে উঠে দুর্দান্ত হেডে নিজের দ্বিতীয় গোল করেন ও’রাইলি। তাতেই ম্যাচ কার্যত সিটির নিয়ন্ত্রণে চলে যায়।
কেপার জন্য লিগ কাপের স্মৃতি আগেও সুখকর ছিল না। ২০১৯ সালের ফাইনালে চেলসির হয়ে তিনি বদলি হতে অস্বীকৃতি জানিয়ে আলোচনায় আসেন, পরে টাইব্রেকারে একটি শটও ঠেকাতে পারেননি। আবার ২০২২ সালের ফাইনালে লিভারপুলের বিপক্ষে টাইব্রেকারে পেনাল্টি মিস করেছিলেন। এবারও ফাইনালের মঞ্চে তার আরেকটি ভুল বড় মূল্য চুকিয়েছে আর্সেনালকে।
ম্যাচে আর্সেনাল ম্যানেজার মিকেল আর্তেতা প্রথম পছন্দের গোলরক্ষক ডেভিড রায়ার বদলে কেপাকে নামিয়ে ঝুঁকি নিয়েছিলেন। কিন্তু সেই সিদ্ধান্ত উল্টো কাল হয়ে দাঁড়ায়। ২০২০ সালের এফএ কাপের পর প্রথম শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায় গানারদের। একই সঙ্গে মৌসুমে চারটি ট্রফি জয়ের সম্ভাবনাও শেষ হয়ে গেল।
অন্যদিকে, রিয়াল মাদ্রিদের কাছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায়ের কয়েক দিনের মধ্যেই এই শিরোপা সিটির জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিমিয়ার লিগ শিরোপা দৌড়ে আর্সেনালের চেয়ে পিছিয়ে থাকা এবং গত মৌসুমে ট্রফিশূন্য থাকার হতাশার মাঝে এই জয় নতুন প্রেরণা এনে দিল গার্দিওলার দলে।
এই জয়ের মাধ্যমে গার্দিওলা লিগ কাপে রেকর্ড পঞ্চম শিরোপা জিতলেন। সিটির কোচ হিসেবে এটি তার ১৫তম বড় ট্রফি। ম্যাচ শেষে তার উচ্ছ্বাসই বলে দিয়েছে, ম্যানচেস্টারে ভবিষ্যৎ নিয়ে জল্পনা থাকলেও সাফল্যের ক্ষুধা এখনও আগের মতোই অটুট।
আর্সেনালের সামনে অবশ্য মৌসুম এখনও শেষ হয়ে যায়নি। প্রিমিয়ার লিগে ২০০৪ সালের পর প্রথম ইংলিশ শিরোপার লড়াইয়ে তারা এখনও শক্ত অবস্থানে আছে। পাশাপাশি এফএ কাপ কোয়ার্টার ফাইনালে সাউদাম্পটন এবং চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং লিসবনের বিপক্ষে তাদের বড় পরীক্ষা অপেক্ষা করছে।