আজকের মতো খেললে ফিনালিসিমায় আমরা হারতাম: এমিলিয়ানো
লা বোম্বোনেরার উচ্ছ্বাসমুখর রাতে স্কোরলাইনে জয় থাকলেও পারফরম্যান্সে ছিল হতাশার ছাপ। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ২-১ ব্যবধানে কোনো মতে জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এমন পারফরম্যান্সে জিতেও আত্মতুষ্টির কোনো সুযোগ দেখছেন না গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তার কণ্ঠে ফুটে উঠেছে গভীর অসন্তোষ আর আত্মসমালোচনার তীব্রতা।
ম্যাচ শেষে নিজেদের সমালোচনা করে এমিলিয়ানো সরাসরি বলেন, 'সত্যি বলতে খুবই দুর্বল ছিলাম আমরা। প্রীতি ম্যাচে এটি আমাদের অন্যতম খারাপ পারফরম্যান্স। ইনটেনসিটি ছিল না, বোঝাপড়ার অভাব ছিল, গতি ছিল না, সব মিলিয়ে অনেক কিছুই ঠিক হয়নি।'
'আমরা যখন দেশের হয়ে খেলি, তখন আরও ভালো করতে হবে। প্রতিপক্ষ আমাদের ওপর অনেক চাপ তৈরি করেছে। আমরা জিতেছি ঠিকই, কিন্তু তাদের সম্পর্কে খুব বেশি জানতাম না, আর তারা যেন জীবন-মরণ লড়াই করেছে। আমাদেরও আরও হৃদয় দিয়ে খেলতে হবে,' যোগ করেন এই গোলরক্ষক।
এদিন বাতিল হয়ে যাওয়া ফিনালিসিমা নিয়েও খোঁচা দিতে ছাড়েননি এই গোলরক্ষক। স্পেনের বিপক্ষে ম্যাচটি ভেন্যু সংক্রান্ত জটিলতায় বাতিল হওয়ায় মার্টিনেজ কৌতুকের ছলে বলেন, 'ভালোই হয়েছে ম্যাচটা হয়নি, আজকের মতো খেললে আমরা হারতাম!'
স্পেন থেকে আসা সমালোচনার জবাবও দিয়েছেন ‘দিবু’। অনেকেই মনে করছেন, আর্জেন্টিনা সেমিফাইনালেও যেতে পারবে না, এমন ধারণাকে উড়িয়ে দিয়ে তিনি বলেন, 'গত বিশ্বকাপেও একই কথা বলা হয়েছিল। আমরা বড় ম্যাচ খেলিনি, তবুও দারুণ টুর্নামেন্ট খেলেছি। আমরা জানি কীভাবে অনেক দূর যেতে হয়, তাদের সেই অভিজ্ঞতা নেই।'
ম্যাচের পারফরম্যান্স নিয়ে আত্মসমালোচনা করেছেন কোচ লিওনেল স্কালোনিও, 'বাস্তবতা হলো আমরা ভালো খেলিনি। তবে এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে। সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই, আজ আমরা সেটা বুঝেছি। এখন ভুলগুলো শুধরে নিতে হবে।'
পরিসংখ্যানও আর্জেন্টিনার হতাশার কারণকে স্পষ্ট করে। দ্বিতীয়ার্ধে মাত্র একটি শট নিতে পেরেছিল আলবিসেলেস্তেরা, যেখানে মরিতানিয়া নিয়েছিল আটটি। পুরো ম্যাচে ১১-৭ শটে এগিয়ে ছিল আফ্রিকান দলটি, এমনকি অন-টার্গেট শটেও ছিল সমতা (৪-৪)।