উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

১০ জনের বার্সাকে হারিয়ে সেমির পথে বড় ধাপ আতলেতিকোর

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের লড়াইয়ে বার্সেলোনাকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ। বুধবার রাতে ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত এই ম্যাচে জয়ী দলের হয়ে গোল দুটি করেন হুলিয়ান আলভারেজ ও আলেকজান্ডার সরলথ। ১০ জনের দলে পরিণত হওয়া বার্সার বিপক্ষে এই জয় আতলেতিকোকে সেমিফাইনালের দৌড়ে অনেকখানি এগিয়ে রাখল।

ম্যাচের শুরু থেকেই দাপট ছিল স্বাগতিক বার্সেলোনার। বিশেষ করে ধারে আসা মার্কাস রাশফোর্ড বাম প্রান্ত দিয়ে বারবার ভীতি ছড়াচ্ছিলেন। অন্যদিকে তরুণ তুর্কি লামিন ইয়ামালকে কড়া পাহারায় রাখার চেষ্টা করে আতলেতিকো। তবে ম্যাচের মোড় ঘুরে যায় বিরতির ঠিক আগে।

আলভারেজের পাস থেকে বল নিয়ে গোলমুখে ছুটতে থাকা জুলিয়ানো সিমিওনেকে পেছন থেকে ফাউল করে বসেন বার্সার ১৯ বছর বয়সী ডিফেন্ডার পাউ কুবারসি। প্রথমে রেফারি হলুদ কার্ড দেখালেও ভিএআর রিভিউ দেখে তাকে লাল কার্ড দেন। সেই ফ্রি-কিক থেকেই চমৎকার এক গোলে আতলেতিকোকে এগিয়ে নেন আলভারেজ।

১০ জনের দল নিয়ে লড়াই চালিয়ে গেলেও বিরতির পর গোল শোধ করতে পারেনি বার্সা। উল্টো ৭০ মিনিটে সরলথ ব্যবধান দ্বিগুণ করলে জয় নিশ্চিত হয় দিয়েগো সিমিওনের দলের।

ম্যাচ শেষে বার্সা কোচ হানসি ফ্লিক ভিএআর-এর সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। তিনি মনে করেন, কুবারসিকে লাল কার্ড দেওয়ার ক্ষেত্রে ভিএআর যতটা সক্রিয় ছিল, দ্বিতীয়ার্ধে আতলেতিকোর পুবিলের একটি হ্যান্ডবলের ঘটনায় ততটাই নিষ্ক্রিয় ছিল।

এই জয়টি আতলেতিকোর জন্য বিশেষ কিছু। ২০০৬ সালের পর এই প্রথম ক্যাম্প ন্যুতে জয়ের মুখ দেখল তারা। একইসঙ্গে কোচ সিমিওনে তার ১৪ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো বার্সার এই মাঠে জয়ের স্বাদ পেলেন।

আগামী মঙ্গলবার মাদ্রিদে ফিরতি লেগে মুখোমুখি হবে এই দুই দল। সেমিফাইনালে যেতে হলে সেই ম্যাচে বার্সেলোনাকে অসাধ্য সাধন করতে হবে। তবে ঘরের মাঠে সুবিধাজনক অবস্থানে থেকেই নামবে আতলেতিকো।