ব্রাজিল শিবিরে ধাক্কা, হ্যামস্ট্রিংয়ের চোটে বিশ্বকাপ শঙ্কায় মিলিতাওর
হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পথে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাও। মঙ্গলবার সফল অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর জানা গিয়েছে মাঠে ফিরতে বেশ কয়েক মাস সময় লাগবে তার, যার ফলে আসন্ন বিশ্বকাপে তার খেলা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
চোটের বিষয়ে এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, 'আমাদের খেলোয়াড় এদের মিলিতাওয়ের বাঁ পায়ের বাইসেপস ফেমোরিসের প্রক্সিমাল টেন্ডন ছিঁড়ে যাওয়ায় আজ সফলভাবে তার অস্ত্রোপচার করা হয়েছে।' তবে এই তারকা ডিফেন্ডারকে ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে, সে বিষয়ে ক্লাবের পক্ষ থেকে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।
ক্লাবের মেডিকেল টিমের সরাসরি তত্ত্বাবধানে ফিনল্যান্ডের একটি ক্লিনিকে ২৮ বছর বয়সী এই তারকার অস্ত্রোপচার সম্পন্ন হয়। স্পেন ও ব্রাজিলের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে মিলিতাওয়ের অন্তত পাঁচ মাস সময় লাগতে পারে। এর ফলে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন বিশ্বকাপে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জার্সিতে তার মাঠে নামার আর কোনো সম্ভাবনাই থাকছে না।
গত সপ্তাহে লা লিগায় আলাভেসের বিপক্ষে জয়ের ম্যাচটিতে এই চোট পান মিলিতাও। ২০১৯ সালে পোর্তো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে চোট যেন তার নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক বছরে ইনজুরির কারণে চরম দুর্ভাগ্যের শিকার হয়েছেন তিনি। এর আগে ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার মতো গুরুতর চোটের কারণেও দুবার তাকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হয়েছিল।