চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল নয়, ডুলির চোখ শুধু বাংলাদেশের খেলায়

স্পোর্টস ডেস্ক

বিশ্ব ফুটবলের কোটি কোটি দর্শক যখন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের অপেক্ষায়, তখন বাংলাদেশের নতুন কোচ থমাস ডুলির মন পড়ে আছে অন্য জায়গায়। পিএসজি ও আর্সেনালের মহারণ নয়, তার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

আজ বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ম্যাচ। শিরোপাধারী পিএসজি মুখোমুখি হবে মিকেল আর্তেতার আর্সেনালের। ফুটবলপ্রেমীদের কাছে এটি বছরের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর একটি। কিন্তু বাংলাদেশের দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যেই ডুলি বুঝিয়ে দিয়েছেন, তার কাছে এখন সবকিছুর আগে বাংলাদেশ।

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল দেখবেন কি না, এমন প্রশ্নের উত্তরে ডুলি বলেন, 'আমার সময় নেই। অবশ্যই আমি দেখতে চাই। কিন্তু তার চেয়ে বরং আমি গতকালের আমাদের ম্যাচটি দেখতে চাই। কোথায় ভুল করেছি, কোথায় ভালো করেছি, সেসব অংশ কেটে বিশ্লেষণ করতে চাই। আমার মূল মনোযোগ এখন বাংলাদেশ জাতীয় দল।'

এই বক্তব্যই নতুন কোচের মানসিকতার সবচেয়ে পরিষ্কার প্রতিফলন। ফিফা র‌্যাঙ্কিংয়ের ১৮১ নম্বরে থাকা দলটিকে নতুনভাবে গড়ে তোলার কাজে পুরোপুরি ডুবে গেছেন জার্মান-আমেরিকান এই কোচ।

সান মারিনোর বিপক্ষে ৫ জুনের ফিফা প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণার পর ডুলি স্পষ্ট করে দিয়েছেন, পরিবর্তন আনতে সময় লাগবে। মাত্র কয়েকটি অনুশীলন সেশন দিয়ে কোনো দলের চেহারা বদলে ফেলা সম্ভব নয় বলেই মনে করেন তিনি, 'সময় লাগে। এটা রাতারাতি হয় না।' খেলোয়াড়দের সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে আরও সময় প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

সান মারিনো ম্যাচটি আপাতত তার প্রথম পরীক্ষা হলেও ডুলির পরিকল্পনা আরও দীর্ঘমেয়াদি। আগামী কয়েক মাস ঘরোয়া লিগ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন তিনি। বিশেষ করে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরের গুরুত্বপূর্ণ ফিফা উইন্ডোকে সামনে রেখেই কাজ শুরু করেছেন।

একই সঙ্গে বাংলাদেশ দলের জন্য নতুন ফুটবল দর্শনও গড়ে তুলতে চান ডুলি। তার লক্ষ্য, বাংলাদেশ এমন একটি দল হবে যারা বলের পেছনে ছোটার বদলে নিজেরাই খেলার নিয়ন্ত্রণ করবে। তিনি বলেন, 'আমাদের মূল লক্ষ্য ফুটবল খেলা। আমি ফুটবলের পেছনে দৌড়াতে চাই না, আমি ফুটবল খেলতে চাই।'

তবে আপাতত তিনি ৪-২-৩-১ ছকেই এগোতে চান। কারণ তিন ডিফেন্ডারের রক্ষণভাগ পরিচালনার জন্য যে গুণাবলি প্রয়োজন, তার দল এখনও পুরোপুরি সেখানে পৌঁছায়নি বলে মনে করেন তিনি।

মাঠের বাইরের উন্নয়নকেও সমান গুরুত্ব দিচ্ছেন ডুলি। তার মতে, খেলোয়াড়দের খারাপ অভ্যাস দূর করতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াতে হবে। আর সে জন্য ভিডিও বিশ্লেষণকে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছেন তিনি।

ডুলি বলেন, 'প্রত্যেক খেলোয়াড়কে তার দায়িত্ব বুঝতে হবে। এই বিষয়গুলো আমাদের খেলোয়াড়দের মস্তিষ্কে গেঁথে দিতে হবে।' তার ভাষায়, ভিডিও বিশ্লেষণের মাধ্যমে এমন এক ধরনের ‘ব্রেন মেমোরি’ তৈরি করা সম্ভব, যাতে গুরুত্বপূর্ণ মুহূর্তে খেলোয়াড়রা স্বাভাবিকভাবেই সঠিক সিদ্ধান্ত নিতে পারে।