শিউলির মায়ের মৃত্যুতে অনুশীলন বাতিল
সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের আগমুহূর্তে গভীর শোক নেমে এসেছে বাংলাদেশ নারী ফুটবল দলে। দলের ডিফেন্ডার শিউলি আজিমের মায়ের মৃত্যুতে আজ সকালের নির্ধারিত অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ দল।
নেপালের বিপক্ষে আগামীকালের গুরুত্বপূর্ণ সেমিফাইনালকে সামনে রেখে আজ সকাল ৭টায় বাম্বোলিম অ্যাথলেটিকস স্টেডিয়ামে অনুশীলনে নামার কথা ছিল বাংলাদেশের। দলের হোটেল থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত মাঠটিতে যাওয়ার প্রস্তুতিও ছিল। তবে ভোরে শিউলি আজিমের মায়ের মৃত্যুসংবাদ পাওয়ার পর অনুশীলন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার খালিদ মাহমুদ নওমী। তিনি জানান, এই দুঃখজনক ঘটনার পর দলের পরবর্তী করণীয় নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রধান কোচ পিটার বাটলারের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আজ সকালে নির্ধারিত অনুশীলন কাভার করতে বাম্বোলিম অ্যাথলেটিকস স্টেডিয়ামে পৌঁছানোর পর টুর্নামেন্ট কাভার করতে যাওয়া ক্রীড়া সাংবাদিকরা শিউলির মায়ের মৃত্যুর খবর জানতে পারেন।
সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ মুহূর্তে এমন একটি শোকাবহ ঘটনা স্বাভাবিকভাবেই নাড়া দিয়েছে পুরো দলকে। মাঠের লড়াইয়ের আগে এখন সতীর্থদের পাশে দাঁড়ানো এবং শোকাহত শিউলি আজিমকে মানসিক সমর্থন দেওয়াই হয়ে উঠেছে বাংলাদেশের নারী ফুটবলারদের সবচেয়ে বড় দায়িত্ব।