তিন দিনের মধ্যে দুইবার মাঠে আচমকা লুটিয়ে পড়লেন মুসিয়ালা

স্পোর্টস ডেস্ক

তিন দিনের ব্যবধানে মাঠে আবারও আচমকা ঢলে পড়লেন বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার জামাল মুসিয়ালা। মঙ্গলবার দ্বিতীয় বিভাগের দল হেইডেনহাইমের সঙ্গে এক প্রীতি ম্যাচে বদলি হিসেবে নামার মাত্র কয়েক মিনিটের মাথায় মাঠে লুটিয়ে পড়েন ২৩ বছর বয়সী এই ফুটবলার। এরপরই তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।

এর আগে গত শনিবার মিউনিখে ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার তীব্র গরমে আরবি লাইপজিগের বিপক্ষে খেলার সময়ও একইভাবে মাঠে ঢলে পড়েছিলেন এই জার্মান তারকা।

মঙ্গলবার ঘটনার পর চিকিৎসকদের পরিচর্যা নেওয়ার সময় মুসিয়ালাকে বেশ বিভ্রান্ত দেখাচ্ছিল। পরে চিকিৎসকদের সহায়তায় তিনি মাঠ ছাড়েন।

ম্যাচ শেষে বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর মাক্স এবার্ল জানান, পুরো বিষয়টি ক্লাব কর্তৃপক্ষের জানা রয়েছে এবং এ নিয়ে মুসিয়ালা নিজেই শিগগিরই কথা বলবেন। এবার্ল বলেন, ‘জামাল নিজেই খুব দ্রুতই এই বিষয়ে কথা বলবে। ঘটনাটি সম্পর্কে আমরা জানতাম এবং পুরো পরিস্থিতি আমাদের নজরদারিতে রয়েছে। সে এখন ড্রেসিংরুমে পোশাক পরিবর্তন করছে ও শাওয়ার নিচ্ছে।’

পায়ের গোড়ালি ভেঙে যাওয়ার কারণে গত মৌসুমের প্রথম ছয় মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল মুসিয়ালাকে। তবে মৌসুমের দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে ২০২৬ বিশ্বকাপে জার্মানির হয়ে মাঠে নামেন তিনি।