ট্রান্সফার লাইভ: লিভাকোভিচ, গাভি, আর্থুর, পেদ্রো, পগবা, কেইন, জেসুস
ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শুরুর পথে। তবে এরমধ্যেই বেজে উঠতে শুরু করেছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করতে ব্যস্ত হয়ে উঠেছে ক্লাবগুলো। অনেক তারকা খেলোয়াড় চুক্তি নবায়ন করে থেকে যাবেন পুরনো ক্লাবে। আবার কেউ পাড়ি জমাবেন নতুন ঠিকানায়।
শুধু তারকা খেলোয়াড় নয়, পাশাপাশি উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াচ্ছে ক্লাবগুলো। ফলে প্রতিদিনই উঠে আসছে নতুন নতুন গুঞ্জন। যার কিছু সত্যি হবে। আবার কিছু মিলিয়ে যাবে গুঞ্জন আকারেই। তবে আগামী গ্রীষ্মকালীন দলবদল শেষ পর্যন্ত প্রতিদিনের এই সকল খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
৩০ লাখ ইউরোতে বার্সার পথে লিভাকোভিচ
ফেনারবাচের ক্রোয়েশিয়ান গোলরক্ষক দমিনিক লিভাকোভিচকে দলে ভেড়ানোর খুব কাছাকাছি পৌঁছে গেছে বার্সেলোনা। ক্রোয়েশিয়ান সংবাদমাধ্যম ইনডেক্সএইচআর জানিয়েছে, প্রায় ৩০ লাখ ইউরো, সঙ্গে অতিরিক্ত সুবিধার বিনিময়ে এই গোলরক্ষককে নিতে আলোচনা করছে কাতালান ক্লাবটি। পরিকল্পনা অনুযায়ী, প্রথম মৌসুমে তাকে ধারে দিনামো জাগরেবে পাঠানো হবে। এরপর ২০২৭ সালে ভোজটেখ শেজনির সম্ভাব্য বিদায়ের পর বার্সায় ফিরে দ্বিতীয় পছন্দের গোলরক্ষক হতে পারেন লিভাকোভিচ।
গাভিকে পাওয়ার আশা নেই ইউনাইটেডের
ম্যানচেস্টার ইউনাইটেডের গাভিকে দলে ভেড়ানোর গুঞ্জন উড়িয়ে দিয়েছে বার্সেলোনার অবস্থান। বৃটিশ সংবাদমাধ্যম দ্য মিররের প্রতিবেদনে মাইকেল ক্যারিকের আগ্রহের কথা বলা হলেও বার্সা ও গাভি দুই পক্ষেরই তাকে ছাড়ার কোনো পরিকল্পনা নেই। এমনকি ৪ কোটি ইউরোর প্রস্তাবের কথাও বলা হয়েছে। তবে এই দলবদলকে পুরোপুরি অসম্ভব বলেই মনে করা হচ্ছে। রদ্রি, পেদ্রি, দানি ওলমো, মার্ক বের্নাল, ফেরমিন ও ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের সঙ্গে মাঝমাঠে প্রতিযোগিতা বাড়লেও বার্সার জার্সিতে নিজের ভবিষ্যৎ নিয়েই অটল গাভি।
জুভেন্তাস ছাড়তে চান আর্থুর
জুভেন্তাসের সঙ্গে আর্থুর মেলোর সম্পর্ক শেষ হওয়ার পথে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, চুক্তির আরও এক বছর বাকি থাকলেও ব্রাজিলিয়ান মিডফিল্ডার নিজেই চুক্তি বাতিল করে নতুন অধ্যায় শুরু করতে চান। গ্রেমিও থেকে ধারে ফেরার পর লুসিয়ানো স্পালেত্তির অধীনে প্রাক-মৌসুম প্রস্তুতিতে অংশ নিয়েছেন তিনি এবং জুভেন্তাসের সাতটি প্রস্তুতি ম্যাচের ছয়টিতেই খেলেছেন।
‘অঘটন’ না ঘটলে রিয়ালের দলবদল শেষ
দলবদলের জানালা বন্ধ হতে আর দুই সপ্তাহেরও কম সময় বাকি। ৩১ আগস্ট পর্যন্ত বাজার খোলা থাকলেও রিয়াল মাদ্রিদ মনে করছে, তাদের দলবদল কার্যক্রম প্রায় ৯৫ শতাংশ শেষ। বাকি ৫ শতাংশ রাখা হচ্ছে সম্ভাব্য চোট বা অপ্রত্যাশিত কোনো খেলোয়াড়ের বিদায়ের মতো ‘অঘটন’-এর কথা মাথায় রেখে। ইয়ান দিয়োমান্দের দলবদল ছাড়া এবার রিয়ালের ট্রান্সফার কার্যক্রম মোটের ওপর পরিকল্পনামাফিকই এগিয়েছে।
রদ্রিকে পেয়ে খুশি বের্নাল
রদ্রির বার্সেলোনায় আগমন মার্ক বের্নালের একাদশে জায়গা পাওয়ার লড়াই কিছুটা কঠিন করে তুলেছে। কারণ দুজনই একই পজিশনে খেলেন। তবে বিষয়টি নিয়ে মোটেও হতাশ নন তরুণ এই মিডফিল্ডার। বরং রদ্রির সঙ্গে এক সপ্তাহ কাটানোর সুযোগকে সৌভাগ্য হিসেবে দেখছেন তিনি। পানিনিকে দেওয়া সাক্ষাৎকারে বের্নাল বলেন, মাঠের ভেতরে-বাইরে রদ্রি তার জন্য একজন আদর্শ উদাহরণ। একই সঙ্গে বার্সেলোনাও বের্নালের ওপর আস্থা রেখে তার চুক্তি উন্নত করার কাজ করছে।
ইউনাইটেডের নজরে ওসিমেন
আক্রমণভাগ শক্তিশালী করতে ভিক্টর ওসিমেনকে নজরে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। মাইকেল ক্যারিকের দল নতুন স্ট্রাইকার খুঁজছে এবং গালাতাসারাইয়ের নাইজেরিয়ান ফরোয়ার্ডকে সেই তালিকায় রাখা হয়েছে। ওসিমেনও নতুন চ্যালেঞ্জের সন্ধানে এবং প্রিমিয়ার লিগে ফেরার ব্যাপারে আগ্রহী। তাকে নিয়ে আর্সেনালেরও নজর রয়েছে।
বার্সার ধরাছোঁয়ার আরও বাইরে জোয়াও পেদ্রো
জোয়াও পেদ্রোকে নিয়ে বার্সেলোনার আশা কার্যত শেষ। চেলসির ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দীর্ঘমেয়াদে ধরে রাখতে চায় লন্ডনের ক্লাবটি। নতুন চুক্তির মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বাড়ানো এবং বেতন বৃদ্ধির বিষয়ে আলোচনা চলছে। ফলে বার্সার সম্ভাব্য নতুন ফরোয়ার্ড হওয়ার সম্ভাবনা এখন আরও ক্ষীণ হয়ে গেল জোয়াও পেদ্রোর।
এক বছরেই মোনাকো ছাড়লেন পগবা
মোনাকোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন পল পগবা। ফরাসি মিডফিল্ডার ও ক্লাবটি পারস্পরিক সমঝোতায় তার চুক্তি বাতিল করেছে। ফলে মাত্র এক বছর পরই মোনাকো অধ্যায় শেষ হলো পগবার। বর্তমানে তিনি ক্লাবহীন এবং তার শারীরিক সক্ষমতা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
কেইনের সঙ্গে যোগাযোগ আল-হিলালের
বায়ার্ন মিউনিখের হ্যারি কেইনকে ভবিষ্যতে দলে ভেড়ানোর সম্ভাবনা নিয়ে তার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে আল-হিলাল। টকস্পোর্ট জানিয়েছে, ইংল্যান্ডের অধিনায়ক ভবিষ্যতে সৌদি প্রো লিগে যাওয়ার সম্ভাবনার বিষয়টি পুরোপুরি উড়িয়ে দেননি। তবে আপাতত বায়ার্নেই রয়েছেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার।
ওয়াটকিন্সের সঙ্গে ব্যক্তিগত সমঝোতা আল-হিলালের
অ্যাস্টন ভিলার ইংলিশ ফরোয়ার্ড অলি ওয়াটকিন্সের সঙ্গে ব্যক্তিগত শর্তে সমঝোতায় পৌঁছেছে আল-হিলাল। টিমটক জানিয়েছে, ২৯ বছর বয়সী স্ট্রাইকার সৌদি ক্লাবটিতে যেতে রাজি হলেও এখনো অ্যাস্টন ভিলার কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি আল-হিলাল।
কার্টিস জোন্সকে পেতে ৩ কোটি ৫০ লাখ ইউরো
লিভারপুলের ইংলিশ মিডফিল্ডার কার্টিস জোন্সকে দলে ভেড়ানো এখনো ইন্টারের অন্যতম লক্ষ্য। কটঅফসাইড জানিয়েছে, ২৫ বছর বয়সী এই মিডফিল্ডারের জন্য প্রায় ৩ কোটি ৫০ লাখ ইউরো প্রস্তাব দিলেই লিভারপুল রাজি হতে পারে বলে বিশ্বাস ইতালিয়ান ক্লাবটির।
জেসুসসহ তিন প্রিমিয়ার লিগ স্ট্রাইকারকে চায় নাপোলি
রোমেলু লুকাকু ফেনারবাচেতে চলে যাওয়ায় নতুন আক্রমণভাগের খেলোয়াড় খুঁজছে নাপোলি। রসমুস হইলুন্দের সঙ্গে প্রতিযোগিতা ও ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর জন্য প্রিমিয়ার লিগ থেকে তিন স্ট্রাইকারকে নজরে রেখেছে ইতালিয়ান ক্লাবটি। তাদের তালিকায় আর্সেনালের গ্যাব্রিয়েল জেসুসও রয়েছেন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের আর্সেনালের সঙ্গে চুক্তির শেষ বছর চলছে এবং মিকেল আর্তেতার পরিকল্পনায় এবার তার বড় ভূমিকা থাকার সম্ভাবনা কম।