ট্রান্সফার লাইভ: ওলিস, লেয়াও, এনজো, জেসুস, মার্তিনেল্লি, এমিলিয়ানো
ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শুরুর পথে। তবে এরমধ্যেই বেজে উঠতে শুরু করেছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করতে ব্যস্ত হয়ে উঠেছে ক্লাবগুলো। অনেক তারকা খেলোয়াড় চুক্তি নবায়ন করে থেকে যাবেন পুরনো ক্লাবে। আবার কেউ পাড়ি জমাবেন নতুন ঠিকানায়।
শুধু তারকা খেলোয়াড় নয়, পাশাপাশি উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াচ্ছে ক্লাবগুলো। ফলে প্রতিদিনই উঠে আসছে নতুন নতুন গুঞ্জন। যার কিছু সত্যি হবে। আবার কিছু মিলিয়ে যাবে গুঞ্জন আকারেই। তবে আগামী গ্রীষ্মকালীন দলবদল শেষ পর্যন্ত প্রতিদিনের এই সকল খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
ওলিসকে রাখতে বড় বিনিয়োগ বায়ার্নের
মাইকেল ওলিসকে দীর্ঘমেয়াদি প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দেখতে চায় বায়ার্ন মিউনিখ। লা’কিপ জানিয়েছে, ২০২৯ সাল পর্যন্ত চুক্তি থাকা ফরাসি উইঙ্গারের সঙ্গে নতুন চুক্তি করতে চায় বাভারিয়ানরা। তাকে দলের সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড় বানাতেও বড় অঙ্কের অর্থ বিনিয়োগে প্রস্তুত বায়ার্ন। রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন থাকলেও অন্তত আরও এক মৌসুম জার্মানিতেই থাকছেন এই ফরোয়ার্ড।
প্রিমিয়ার লিগে আল-হিলালের জোড়া ধাক্কা
অলি ওয়াটকিন্সকে দলে ভেড়ানোর খুব কাছাকাছি পৌঁছে গেছে আল-হিলাল। তুরস্কের সংবাদমাধ্যম এনটিভি স্পোর জানিয়েছে, অ্যাস্টন ভিলার ইংলিশ স্ট্রাইকারের সৌদি আরবে যাওয়ার সম্ভাবনা এখন প্রবল। একই সঙ্গে আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকেও দলে নিতে যাচ্ছে ক্লাবটি। ফলে প্রিমিয়ার লিগ থেকে একসঙ্গে দুই তারকাকে তুলে নেওয়ার পথে আল-হিলাল।
ওয়াটকিন্সের জায়গায় জ্যাকসন
চেলসি থেকে নিকোলাস জ্যাকসনকে দলে নেওয়ার পর আজই তাকে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করবে অ্যাস্টন ভিলা। দিয়েগো পিকো জানিয়েছেন, সৌদি আরবের ফুটবলে পাড়ি জমাতে যাওয়া অলি ওয়াটকিন্সের জায়গা পূরণ করতেই সেনেগালিজ ফরোয়ার্ডকে দলে টানছে ভিলা। দলবদলের মূল্য ৬ কোটি ইউরোর বেশি হতে পারে।
লেয়াওর সামনে দুই পথ
রাফায়েল লেয়াওকে দলে ভেড়াতে গালাতাসারাই বড় প্রস্তাব দিয়েছে। দিয়েগো পিকো জানিয়েছেন, পর্তুগিজ উইঙ্গারকে বছরে ১ কোটি ২০ লাখ ইউরো বেতন দিতে প্রস্তুত তুরস্কের ক্লাবটি। তবে লেয়াওর পছন্দ প্রিমিয়ার লিগ। অ্যাস্টন ভিলাও আগ্রহী, কিন্তু তাদের প্রস্তাব বছরে মাত্র ৬০ লাখ ইউরো। ফলে এখন লেয়াওকে সিদ্ধান্ত নিতে হবে, প্রিমিয়ার লিগ, নাকি গালাতাসারাইয়ের বিশাল বেতন।
চেলসির পথে ‘দিবু’ মার্তিনেজ
এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজের চেলসিতে যোগ দেওয়া এখন সময়ের ব্যাপার। আর্জেন্টাইন গোলরক্ষক আজই লন্ডনে পৌঁছে মেডিকেল সম্পন্ন করে চুক্তিতে স্বাক্ষর করবেন। চেলসির সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত, সঙ্গে আরও এক মৌসুম বাড়ানোর সুযোগ থাকবে।
সিটির অপেক্ষায় এনজো
লুটন টাউনের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে এনজো ফার্নান্দেজকে রাখেননি কোচ জাভি আলোনসো। ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার মুখে আর্জেন্টাইন মিডফিল্ডারের ভবিষ্যৎ তাই আবারও আলোচনায়। এনজো এখনো ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার ব্যাপারে আশাবাদী। ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার সিটিতে যাওয়ার জন্য সবুজ সংকেত দিয়েছেন এবং দলবদলটি সম্পন্ন হওয়ার অপেক্ষায় আছেন। সিটিও চেলসির কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে চেলসি নিজেদের শর্তে তাকে ছাড়তে চায়।
দুই ‘জেসুসকে’ চায় অ্যাতলেতিকো
আক্রমণভাগ শক্তিশালী করতে ব্রাজিলের দুই ফরোয়ার্ড নটিংহ্যাম ফরেস্টের ইগর জেসুস ও আর্সেনালের গ্যাব্রিয়েল জেসুসকে বিবেচনা করছে অ্যাতলেতিকো মাদ্রিদ। ফিচাজেস জানিয়েছে, দুই খেলোয়াড়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্প্যানিশ ক্লাবটি।
উল্টেমাডেকে ধারে চায় নাপোলি
নিউক্যাসল ইউনাইটেডের জার্মান স্ট্রাইকার নিক উল্টেমাডেকে ধারে দলে নেওয়ার কথা ভাবছে নাপোলি। ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ২৪ বছর বয়সী ফরোয়ার্ডকে নিয়ে ইতালিয়ান ক্লাবটি সম্ভাব্য চুক্তির বিষয়টি বিবেচনা করছে।
কোমোর পথে ময়েজ কিন
ফিওরেন্টিনার ইতালিয়ান ফরোয়ার্ড ময়েজ কিনের কোমোতে যোগ দেওয়ার সম্ভাবনা ক্রমেই বাড়ছে। স্কাই স্পোর্টস ইতালি জানিয়েছে, দলবদলটির মোট মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ পাউন্ড হতে পারে। দুই পক্ষের আলোচনাও চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে।
মেসির নতুন কোচ কিলি গঞ্জালেস
ইন্টার মায়ামির নতুন প্রধান কোচ হিসেবে ক্রিস্তিয়ান আলবার্তো ‘কিলি’ গঞ্জালেসকে নিয়োগ দিয়েছে ক্লাবটি। আর্জেন্টাইন এই কোচ প্রয়োজনীয় ওয়ার্ক পারমিট পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন। ফলে লিওনেল মেসির কোচিং স্টাফেও আসছে নতুন মুখ।
লেগানেসে মোরাতার চুক্তি সই
লেগানেসে যোগ দেওয়ার সব প্রক্রিয়া প্রায় শেষ করে ফেলেছেন আলভারো মোরাতা। মাত্তেও মোরেত্তো জানিয়েছেন, স্প্যানিশ স্ট্রাইকার ইতোমধ্যে চুক্তিতে স্বাক্ষর করেছেন। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা, এরপরই লেগানেসের নতুন খেলোয়াড় হিসেবে মোরাতার নাম ঘোষণা করা হবে।