‘শুধু আমি, আমি আর আমি’, এমবাপেকে ধুয়ে দিলেন পাপাঁ
কিলিয়ান এমবাপের প্রতিভা কিংবা রেকর্ড নিয়ে কোনো সংশয় নেই জঁ-পিয়ের পাপাঁর। তবে ফরাসি অধিনায়কের একটি বিষয় একেবারেই মেনে নিতে পারছেন না সাবেক এই ফুটবলার। ব্যালন ডি’অর নিয়ে এমবাপের আত্মকেন্দ্রিক মনোভাবই যত আপত্তির কারণ। ব্যক্তিগত এই পুরস্কারের আলোচনায় এমবাপের কাছে সবকিছু যেন ‘আমি, আমি আর আমি’ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ১৯৯১ সালের ব্যালন ডি’অরজয়ী পাপাঁ।
ব্যালন ডি’অর ঘোষণার সময় যত ঘনিয়ে আসছে, সম্ভাব্য বিজয়ী নিয়ে আলোচনাও তত বাড়ছে। এর মধ্যেই এমবাপের সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করেছেন অনেকেই। ফ্রান্সের সাবেক তারকা পাপাঁর মতে, নিজেকে পুরস্কারের যোগ্য মনে করতেই পারেন এমবাপে, কিন্তু কে ব্যালন ডি’অর জিতবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাঁর নয়।
ফরাসি সংবাদমাধ্যম ‘ফুট মেরকাতো’কে পাপাঁ বলেছেন, 'কিলিয়ানকে আমি সত্যিই অনেক শ্রদ্ধা করি। তার অসংখ্য রেকর্ড আছে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে সবকিছু যেন শুধু আমি, আমি আর আমিকে ঘিরেই আবর্তিত হতে থাকে। ব্যালন ডি’অর কে জিতবে, সেই সিদ্ধান্ত অন্যরা নেয়।'
কিছুদিন আগে নানা আলোচনার একপর্যায়ে নিজেকে ছাড়া আর কাউকেই ব্যালন ডি’অরের যোগ্য মনে করেন না বলে মন্তব্য করেছিলেন এমবাপে। তার এই মন্তব্য বিশেষভাবে বিরক্ত করেছে ফ্রান্সের সাবেক এই ফরোয়ার্ডকে।
সেই প্রসঙ্গ টেনে পাপাঁ বলেন, 'একসময় সে বলেছিল, তাকে ছাড়া আর কেউ ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য নয়। আমার কাছে এটা বাড়াবাড়ি মনে হয়েছে, অনেক বেশি বাড়াবাড়ি।'
তবে সমালোচনা করলেও এমবাপের সামর্থ্যকে খাটো করেননি একসময় মার্শেইয়ের হয়ে খেলা এই কিংবদন্তি। তার মতে, ব্যালন ডি’অর জয়ের জন্য বিবেচিত বিভিন্ন মানদণ্ডের অনেকগুলোই পূরণ করেন এমবাপে। সমস্যা মূলত নিজের সম্পর্কে জনসমক্ষে তিনি যে ভাবমূর্তি তৈরি করছেন, সেটি নিয়ে।
পাপাঁ মনে করিয়ে দিয়েছেন, ব্যালন ডি’অর কেবল কোনো খেলোয়াড়ের নিজের মূল্যায়নের ভিত্তিতে দেওয়া হয় না। ভোটাররা নির্দিষ্ট অনেক কিছু মানদণ্ড বিবেচনা করেই বিজয়ী নির্বাচন করেন।
একইসঙ্গে এবারের পুরস্কারে নিজের পছন্দের নামও জানিয়েছেন ১৯৯১ সালের বিজয়ী। স্বদেশি এমবাপে নন, ব্যালন ডি’অর ইংল্যান্ডের তারকা ফরোয়ার্ড হ্যারি কেইনের হাতে উঠুক, এটাই চান পাপাঁ।