ব্র্যাডলিকে ধাক্কা দেওয়ার ঘটনায় ক্ষমা চাইলেন মার্তিনেল্লি
লিভারপুলের ডিফেন্ডার কনর ব্র্যাডলিকে ধাক্কা দেওয়ার ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন আর্সেনালের ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। বৃহস্পতিবার এমিরেটস স্টেডিয়ামে দুই দলের ০-০ গোলে ড্র হওয়া ম্যাচের শেষ মুহূর্তে এই বিতর্কিত ঘটনা ঘটে।
ইনজুরি টাইমে বলের পেছনে ছুটতে গিয়ে টাচলাইনের কাছে অস্বস্তিকরভাবে পড়ে যান নর্দার্ন আয়ারল্যান্ডের এই ফুলব্যাক। মাটিতে পড়েই হাঁটু চেপে ধরেন ব্র্যাডলি। ঠিক সেই সময় মার্তিনেল্লি তার ওপর বল ফেলে দেন এবং খেলা চালু রাখার উদ্দেশ্যে তাকে মাঠের বাইরে সরিয়ে দিতে পেছন থেকে ধাক্কা দেন।
মার্তিনেল্লির এই আচরণে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে রেফারি হলুদ কার্ড দেখান মার্তিনেল্লি ও লিভারপুল ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতেকে। চিকিৎসা শেষে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ব্র্যাডলি। পরে তাকে হাঁটুর ব্রেস পরা অবস্থায় ক্রাচে ভর দিয়ে এমিরেটস স্টেডিয়াম ছাড়তে দেখা যায়।
ঘটনার পর সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা গ্যারি নেভিল ও রয় কিন মার্তিনেল্লির তীব্র সমালোচনা করেন। নেভিল এই আচরণকে 'একেবারেই লজ্জাজনক' বলে মন্তব্য করেন এবং আর্সেনাল উইঙ্গারকে 'ইডিয়ট' বলেও আখ্যা দেন।
তবে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চান মার্তিনেল্লি। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, ঘটনার পর দুজনের মধ্যে যোগাযোগ হয়েছে এবং তিনি আগেই দুঃখ প্রকাশ করেছেন।
মার্তিনেল্লি লেখেন, 'ওই মুহূর্তের উত্তেজনায় আমি বুঝতে পারিনি যে সে গুরুতরভাবে আহত। আমার প্রতিক্রিয়ার জন্য আমি সত্যিই দুঃখিত। কনরের দ্রুত সুস্থতা কামনা করছি।'
ম্যাচ শেষে লিভারপুল কোচ আর্নে স্লট অবশ্য মার্তিনেল্লির পক্ষে কথা বলেন। তার মতে, ফুটবলে সময় নষ্ট করার প্রবণতাই এমন পরিস্থিতির জন্ম দেয়।
স্লট বলেন, 'আমি গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে ব্যক্তিগতভাবে চিনি না, তবে সে ভালো একজন মানুষ বলেই মনে হয়। সমস্যাটা আসলে ফুটবলের, শেষ দিকে অনেক সময় খেলোয়াড়রা সময় নষ্ট করে বা চোটের ভান করে। তখন গোলের চেষ্টা করতে থাকা একজন খেলোয়াড় বিরক্ত হতেই পারে। ৯৪ মিনিটে মার্তিনেল্লির কাছ থেকে পুরোপুরি ঠান্ডা মাথায় ভাবার আশা করা যায় না।'