আল-ইত্তিহাদ ছাড়ার পথে ‘অপমানিত’ বেনজেমা!

স্পোর্টস ডেস্ক

সৌদি আরবের ফুটবলে বড় এক নাটকীয় মোড়। আল-ইত্তিহাদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে পড়ে এবার প্রতিদ্বন্দ্বী ক্লাব আল-হিলালে যোগ দেওয়ার আলোচনা শুরু করেছেন করিম বেনজেমা। ফরাসি তারকার ঘনিষ্ঠ একটি সূত্র সোমবার এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আল-হিলাল বেনজেমাকে আল-ইত্তিহাদের সঙ্গে থাকা বর্তমান চুক্তির বাকি ছয় মাসের জন্য দলে নিতে চায়। তবে বেনজেমার এজেন্ট চাইছেন দেড় বছরের চুক্তি, যা নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।

২০২২ সালের ব্যালন ডি'অরজয়ী এই স্ট্রাইকার চলতি মৌসুমে আল-ইত্তিহাদের হয়ে লিগে ১৪ ম্যাচে ৮ গোল করেছেন। তবে রহস্যজনকভাবে শেষ দুই ম্যাচে তাকে মাঠে দেখা যায়নি। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, চুক্তি নবায়নের প্রস্তাবে অসন্তুষ্ট বেনজেমা, যা তার ক্লাবের সঙ্গে সম্পর্ক আরও জটিল করেছে।

আরও চাঞ্চল্যকর তথ্য হলো, সৌদি লিগের স্পোর্টিং ডিরেক্টর মাইকেল এমেনালো বেনজেমাকে যে প্রস্তাব দেন, সেটিকে তার শিবির থেকে 'অপমানজনক' বলে আখ্যা দেওয়া হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, প্রস্তাবটি এমন ছিল যে তা প্রায় "বিনা পারিশ্রমিকে খেলার" মতো, কেবল ইমেজ রাইটস ছাড়া।

উল্লেখযোগ্য বিষয় হলো, আল-হিলাল (রিয়াদ) ও আল-ইত্তিহাদ (জেদ্দা) দুই ক্লাবই সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর মালিকানাধীন। অর্থাৎ একই মালিকানার দুই ক্লাবের মধ্যে সম্ভাব্য এই ট্রান্সফার সৌদি ফুটবলে নতুন মাত্রা যোগ করছে।

২০২৩ সালে রিয়াল মাদ্রিদে টানা ১৪ মৌসুম কাটানোর পর সৌদি আরবে পাড়ি জমান বেনজেমা। গত মৌসুমে ২১ গোল করে আল-ইত্তিহাদকে লিগ শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি। কিন্তু চলতি মৌসুমে আল-হিলালের থেকে ১২ পয়েন্ট পিছিয়ে রয়েছে আল-ইত্তিহাদ।

বেনজেমার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠলেও ক্লাব কোচ সের্হিও কনসেইসাও বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, "এটা ক্লাব ম্যানেজমেন্ট ও কর্মকর্তাদের জিজ্ঞেস করা উচিত। করিম একজন টপ-লেভেলের পেশাদার এবং অসাধারণ খেলোয়াড়।"