নারী বিভাগ থেকে অ্যাথলেট জান্নাত ও কবিতাকে স্থায়ী নিষেধাজ্ঞা, পদক বাতিল

ক্রীড়া প্রতিবেদক

অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন (বিএএফ)। একইসঙ্গে তাদের অর্জন করা সব পদক ও জাতীয় রেকর্ড বাতিল করা হয়েছে। কারণ চিকিৎসা শাস্ত্র ও এই খেলার বিশ্ব সংস্থা ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের বিধি অনুযায়ী তারা পুরুষ বিবেচিত হয়েছেন।

শনিবার ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিএএফের সাধারণ সম্পাদক আলী ইমাম তপন দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, ২৯ সদস্যের কমিটির ২৫ জনই সভাতে উপস্থিত ছিলেন।

গত ১০ আগস্ট দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদনে আগেই জানানো হয়েছিল যে, জান্নাত ও কবিতা নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন এবং তাদের জেতা সব পদক বাতিল করা হচ্ছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন জানিয়েছে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হরমোন ও শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর মেডিকেল বোর্ডের প্রতিবেদনে ২৮ বছর বয়সী জান্নাত এবং ১৯ বছর বয়সী কবিতার ৪৬, এক্সওয়াই ডিএসডি (ডিফারেন্সেস অব সেক্স ডেভেলপমেন্ট) ধরা পড়েছে। এটি চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী দুজনকে পুরুষ হিসেবে চিহ্নিত করে। এছাড়া, উভয় অ্যাথলেটের পেনোস্ক্রোটাল হাইপোস্পেডিয়াস রয়েছে এবং তাদের গোনাড (জননগ্রন্থি) ইনগুইনাল ক্যানেলে অবস্থিত।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জান্নাত বাংলাদেশ সেনাবাহিনী ও কবিতা বাংলাদেশ নৌবাহিনীর নিবন্ধিত অ্যাথলেট। লিঙ্গ নির্ধারণ বিষয়ে নিজ নিজ বাহিনীর অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার অনুরোধ জানানো হয়। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত বছরের ১০ সেপ্টেম্বর একটি পাঁচ সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করে। এই পরীক্ষা-নিরীক্ষা গত ১১ মে শেষ হয় এবং ১৬ মে চূড়ান্ত প্রতিবেদন ফেডারেশনের নিকট হস্তান্তর করা হয়।

ফেডারেশনের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের ডিএসডি বিধিমালা অনুযায়ী, নারী বিভাগে অংশগ্রহণের জন্য একজন অ্যাথলেটের রক্তে টেস্টোস্টেরনের মাত্রা টানা ২৪ মাস ধরে ২.৫ ন্যানো মোল/লিটারের নিচে থাকা বাধ্যতামূলক। উভয় অ্যাথলেটই এই শর্ত পূরণে ব্যর্থ হয়েছেন। জান্নাতের টেস্টোস্টেরনের মাত্রা ১৯.৬৬ ন্যানো মোল/লিটার, যা নির্ধারিত সর্বোচ্চ সীমার চেয়ে প্রায় আট গুণ বেশি। কবিতার টেস্টোস্টেরনের মাত্রা ১৬.৫০ ন্যানো মোল/লিটার, যা নির্ধারিত সীমার চেয়ে সাড়ে ছয় গুণেরও বেশি।

ফলে জ্যাভলিন থ্রো ও ডিসকাস থ্রো ইভেন্টে অর্জিত দুটি জাতীয় রেকর্ডসহ জান্নাতের ১৮টি স্বর্ণ, একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক বাতিল করা হয়েছে। অন্যদিকে, বাতিল হয়েছে কবিতার ১০০ মিটার, ২০০ মিটার ও ৪×১০০ মিটার ইভেন্টে অর্জিত একটি স্বর্ণ, একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক।

ফেডারেশন জানিয়েছে, উল্লেখিত পদকগুলো তালিকার পরবর্তী অবস্থানে থাকা অ্যাথলেটদের মাঝে নিয়ম অনুযায়ী পুনরায় বণ্টন করা হবে।

বিএএফের সাধারণ সম্পাদক তপন জানিয়েছেন, এই দুই অ্যাথলেট আর কখনোই নারী প্রতিযোগী হিসেবে অংশ নেওয়ার যোগ্য বিবেচিত হবেন না।

এই বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব জুবায়ের রহমান রানা জানিয়েছেন, অ্যাথলেটরা চাইলে ফেডারেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।