৫২ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপে ডিআর কঙ্গো
অবশেষে শেষ হলো দীর্ঘ ৫২ বছরের দীর্ঘ প্রতীক্ষা। জ্যামাইকাকে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট কাটল ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো (ডিআরসি)। সবশেষ ১৯৭৪ সালে ‘জাইর’ নামে বিশ্বমঞ্চে খেলেছিল দেশটি। এরপর পাঁচ দশক পার হলেও ফুটবলের সর্বোচ্চ আসরে আর পা রাখা হয়নি তাদের। আজ আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে সেই আক্ষেপ ঘুচিয়েছে কঙ্গোরা।
মেক্সিকোর এস্তাদিও গুয়াদালাজারা স্টেডিয়ামে ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ১০০তম মিনিটে ভাগ্য নির্ধারণী গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার আক্সেল তুয়ানজেবে।
কর্নার থেকে উড়ে আসা বল জ্যামাইকার জালে জড়িয়ে দেন বর্তমানে বার্নলিতে খেলা এই তারকা। তবে গোলটি পাওয়ার জন্য তাকে বেশ কিছুক্ষণ উৎকণ্ঠায় থাকতে হয়েছে। হ্যান্ডবলের সন্দেহে ভিএআর পরীক্ষার পর রেফারি গোলের বাঁশি বাজালে উল্লাসে মেতে ওঠে কঙ্গোর খেলোয়াড়রা।
ম্যাচ শেষে আবেগপ্রবণ তুয়ানজেবে বলেন, ‘দেশের হয়ে জয়সূচক গোল করা প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন। আমি নিজের দেশ আর আমাদের এই অর্জন নিয়ে অত্যন্ত গর্বিত। এখন কেবল উদযাপনের সময়।’
পুরো ম্যাচে আধিপত্য বজায় রেখে খেললেও গোলের সুযোগ কাজে লাগাতে পারছিল না ডিআরসি। তবে রক্ষণে দৃঢ়তা বজায় রেখে তারা জ্যামাইকাকে আটকে দেয়। ১৯৯৮ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে যাওয়ার যে স্বপ্ন জ্যামাইকা দেখেছিল, তা এই হারে ধূলিসাৎ হয়ে গেল।
এই জয়ের ফলে ২০২৬ বিশ্বকাপে আফ্রিকা থেকে মোট ১০টি দল অংশ নেবে। ডিআরসি তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগালের বিপক্ষে। তাদের গ্রুপে অন্য দুই প্রতিপক্ষ কলম্বিয়া এবং উজবেকিস্তান।