ব্রাজিলের জন্য আরেক ধাক্কা, এস্তেভাওয়ের বিশ্বকাপও সংশয়ে
হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মৌসুম শেষ হয়ে গেছে চেলসির উইঙ্গার এস্তেভাওয়ের। আর এই চোটের কারণে ব্রাজিলের হয়ে আসন্ন বিশ্বকাপে তার খেলা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। চোটে রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগো ছিটকে যাওয়ার পর এস্তেভাওকে নিয়ে শঙ্কা ব্রাজিলের জন্য বড় ধাক্কা।
শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন ১৮ বছর বয়সী এই তরুণ। স্ক্যান রিপোর্টে হ্যামস্ট্রিং স্ট্রেইন ধরা পড়ায় চলতি মৌসুমে চেলসির হয়ে আর মাঠে নামা হচ্ছে না তার।
তবে বড় দুশ্চিন্তা দেখা দিয়েছে গ্রীষ্মের বিশ্বকাপ নিয়ে। উত্তর আমেরিকায় হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে নিয়মিত ডাক পাচ্ছিলেন এস্তেভাও। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম 'দ্য অ্যাথলেটিক' জানিয়েছে, তার চোটটি চতুর্থ গ্রেডের হ্যামস্ট্রিং ইনজুরি। যাতে তিনি পুরো বিশ্বকাপই মিস করতে পারেন।
এস্তেভাওয়ের ঘনিষ্ঠ সূত্রগুলো বিশ্বকাপের আগে ফিট হওয়ার আশা করলেও, মাঠের লড়াই শুরু হওয়ার আগে তিনি নিজেকে কতটা প্রমাণ করতে পারবেন এবং আনচেলত্তি তাকে নিয়ে ঝুঁকি নেবেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে।
ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠ ছাড়ার সময় এস্তেভাওকে বেশ ভেঙে পড়তে দেখা যায়। চেলসি কোচ (এখন বরখাস্ত) লিয়াম রোজনিয়র তখন বলেছিলেন, ‘সে একদম বিধ্বস্ত হয়ে পড়েছে। বিরতির সময় তাকে কাঁদতে দেখেছি। তার জন্য আমার খুব খারাপ লাগছে।’
আগামী ১৩ জুন মরক্কোর সঙ্গে ম্যাচ দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু হবে। চলতি মৌসুমে এ নিয়ে দ্বিতীয়বার হ্যামস্ট্রিং চোটে পড়লেন এস্তেভাও। তার সঙ্গে বর্তমানে চেলসির রিস জেমস, কোল পামার ও জেমি গিটেন্সও একই ধরনের ইনজুরিতে মাঠের বাইরে আছেন।
স্ট্যামফোর্ড ব্রিজে নিজের প্রথম মৌসুমে ৩৬ ম্যাচে ৮ গোল ও ৪টি অ্যাসিস্ট করেছেন এই ব্রাজিলীয়। গত গ্রীষ্মে ২৯ মিলিয়ন পাউন্ডে পালমেইরাস থেকে চেলসিতে যোগ দেন তিনি।
এদিকে মঙ্গলবার ব্রাইটনের কাছে ৩-০ গোলে হেরে লিগ টেবিলের সাতে নেমে গেছে চেলসি। এতে তাদের আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্ন ফিকে হয়ে আসছে, এর প্রভাবে কোচকে ছাঁটাই করেছে ক্লাবটি।