মদ্রিচকে নিয়েই ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল ঘোষণা
৪০ বছর বয়সেও ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় ভরসা লুকা মদ্রিচ। অভিজ্ঞ এই মিডফিল্ডারকে সামনে রেখেই ২০২৬ বিশ্বকাপের জন্য প্রাথমিক ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচ।
সোমবার ঘোষিত দলে জায়গা পেয়েছেন এসি মিলানের এই মিডফিল্ডার, যিনি গত এক দশকে ক্রোয়েশিয়ার ফুটবল ইতিহাস বদলে দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম। তার নেতৃত্বেই ২০১৮ বিশ্বকাপে রানার্সআপ হয়েছিল মাত্র ৩৮ লাখ জনসংখ্যার দেশটি। পরে ২০২২ বিশ্বকাপে তৃতীয় স্থানও অর্জন করে ক্রোয়াটরা।
তবে বিশ্বকাপের আগে মদ্রিচের ফিটনেস নিয়ে ছিল শঙ্কা। এপ্রিলের শেষ দিকে জুভেন্টাসের ম্যানুয়েল লোকাতেল্লির সঙ্গে সংঘর্ষে মুখের হাড় ভেঙে যায় তার। অস্ত্রোপচারের পর ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকার আশঙ্কা ছিল।
তবে দালিচ জানালেন, মদ্রিচ ভালোভাবেই ফিরছেন অনুশীলনে। 'সে মুখে মাস্ক পরে অনুশীলন করছে এবং ভালো অবস্থায় আছে। হয়তো এই বিরতিটা তার জন্য উপকারই করেছে,' বলেন ক্রোয়েশিয়া কোচ।
তিনি আরও বলেন, 'তার অবস্থা আমরা দেখব, তবে আমি মোটেও সন্দেহ করছি না, সে ভালো ছন্দেই থাকবে।'
রক্ষণভাগেও কিছুটা দুশ্চিন্তা রয়েছে ক্রোয়েশিয়ার। জানুয়ারিতে পায়ে চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার ইয়শকো গভার্দিওল। তাকে নিয়েও আশাবাদী দালিচ।
'আমরা আশা করছি সে খেলতে প্রস্তুত থাকবে। প্রস্তুতি ম্যাচগুলোতে তাকে সুযোগ দেওয়া হবে যেন টুর্নামেন্টের আগে ছন্দ ফিরে পায়,' বলেন তিনি।
২০১৭ সালে দায়িত্ব নেওয়ার পর ক্রোয়েশিয়ার ইতিহাসের সবচেয়ে সফল কোচ হয়ে ওঠা দালিচ এবারও আত্মবিশ্বাসী। 'আমাদের দলে মান, তরুণ শক্তি এবং অভিজ্ঞতা সবই আছে। এটা আমাকে আশাবাদী করে,' বলেন তিনি।
বিশ্বকাপে ‘গ্রুপ এল’-এ রয়েছে ক্রোয়েশিয়া। ১৭ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে তারা। পরে প্রতিপক্ষ পানামা ও ঘানা। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে বেলজিয়াম ও স্লোভেনিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচও খেলবে ক্রোয়াটরা।
ক্রোয়েশিয়ার প্রাথমিক বিশ্বকাপ দল
গোলরক্ষক:
দোমিনিক লিভাকোভিচ, দোমিনিক কতারস্কি, ইভর পানদুর
ডিফেন্ডার:
ইয়শকো গভার্দিওল, দুয়ে কালেতা-চার, যোসিপ শুতালো, যোসিপ স্তানিশিচ, মারিন পংরাচিচ, মার্টিন এরলিচ, লুকা ভুশকোভিচ
মিডফিল্ডার:
লুকা মদ্রিচ, মাতেও কোভাচিচ, মারিও পাশালিচ, নিকোলা ভ্লাসিচ, লুকা সুচিচ, মার্টিন বাতুরিনা, ক্রিস্তিয়ান ইয়াকিচ, পেতার সুচিচ, নিকোলা মোরো, টনি ফ্রুক
ফরোয়ার্ড:
ইভান পেরিশিচ, আন্দ্রেই ক্রামারিচ, আন্তে বুদিমির, মার্কো পাশালিচ, পেতার মুসা, ইগর মাতানোভিচ
স্ট্যান্ডবাই তালিকা
লোভরো মায়ের, ফ্রাঞ্জো ইভানোভিচ, দিয়ন বেলিয়ো, ইভান স্মোলচিচ, কার্লো লেতিচা, লুকা স্তইকোভিচ, আদ্রিয়ান সেগেসিচ