নেইমারকে নিয়ে আশাবাদী আনচেলত্তি
কয়েকদিন আগেও মনে হচ্ছিল বিশ্বকাপের শুরুটা হয়তো মাঠের বাইরে থেকেই দেখতে হবে নেইমারকে। কাফের চোট নিয়ে শঙ্কা ছড়িয়ে পড়েছিল ব্রাজিল শিবিরে। তবে সেই উদ্বেগ অনেকটাই কমিয়ে দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তার বিশ্বাস, দলের সবচেয়ে বড় তারকা খুব দ্রুতই সুস্থ হয়ে ফিরবেন এবং বিশ্বকাপের শুরুতেই মাঠে দেখা যেতে পারে তাকে।
শনিবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ইতালিয়ান এই কোচ জানান, নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া ইতিবাচকভাবেই এগোচ্ছে। এমনকি ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচেও তাকে পাওয়া যেতে পারে বলে আশা করছেন তিনি, 'আমরা বিশ্বাস করি সে খুব দ্রুতই ফিরে আসবে। যদি উদ্বোধনী ম্যাচে খেলতে না-ও পারে, তাহলে দ্বিতীয় ম্যাচে অবশ্যই তাকে পাওয়া যাবে।'
কাফের চোটের কারণে বিশ্বকাপের আগে ব্রাজিলের দুটি প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন না নেইমার। রোববার মারাকানায় পানামার বিপক্ষে এবং ৬ জুন ক্লিভল্যান্ডে মিশরের বিপক্ষে ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামবে সেলেসাওরা।
পানামা ম্যাচের পর সোমবার নিউ জার্সিতে বিশ্বকাপ ক্যাম্প শুরু করবে ব্রাজিল। এরপর মিশরের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলেই বিশ্বকাপ মিশনে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আনচেলত্তির ২৬ সদস্যের বিশ্বকাপ দলে নেইমারের অন্তর্ভুক্তি অনেকের কাছেই ছিল বিস্ময়কর। কারণ চোট ও ফর্মহীনতার কারণে প্রায় তিন বছর ধরে জাতীয় দলে নিয়মিত ছিলেন না তিনি। দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ সময় তাকে নিজের পরিকল্পনার বাইরে রেখেছিলেন আনচেলত্তিও।
তবে নেইমারের অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক ফুটবলে তার অবদানকে গুরুত্ব দিয়েছেন ব্রাজিল কোচ। জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড ১২৮ ম্যাচে করেছেন ৭৯ গোল। ব্রাজিলের জার্সিতে এটি হতে যাচ্ছে তার চতুর্থ বিশ্বকাপ।
বার্সেলোনা ও পিএসজির সাবেক তারকা বর্তমানে খেলছেন ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে। চোটের কারণে আবারও অনিশ্চয়তা তৈরি হলেও আনচেলত্তির বক্তব্য ব্রাজিল সমর্থকদের জন্য স্বস্তির খবরই এনে দিয়েছে।