৬ মিলিয়ন ডলারের অপেক্ষায় পেলের সেই জার্সি
একটি নীল রঙের জার্সি। সাধারণ চোখে এটি হয়তো কেবলই পুরোনো ফুটবল পোশাক। কিন্তু ইতিহাসের কাছে এটি এমন এক স্মারক, যার ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে বিশ্ব ফুটবলের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়ের সূচনা। সেই জার্সিই এবার উঠছে নিলামে, আর এর সম্ভাব্য মূল্য ধরা হচ্ছে ৬০ লাখ ডলারেরও বেশি।
ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে ১৯৫৮ বিশ্বকাপের ফাইনালে যে জার্সি পরে খেলেছিলেন, সেটিই আগামী ২৯ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত অনলাইন নিলামে তুলবে নিলাম প্রতিষ্ঠান সোথেবি। প্রতিষ্ঠানটির ধারণা, ফুটবল ইতিহাসের অন্যতম মূল্যবান স্মারকে পরিণত হতে পারে এই জার্সি।
মাত্র ১৭ বছর বয়সে স্বাগতিক সুইডেনের বিপক্ষে ফাইনালে নীল রঙের ১০ নম্বর জার্সি পরে মাঠে নেমেছিলেন পেলে। স্টকহোমের কাছে অবস্থিত রাসুন্দা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে ব্রাজিল ৫-২ গোলে জয় পায়। দুই গোল করে বিশ্বমঞ্চে নিজের আগমনের ঘোষণা দেন কিশোর পেলে। আজও তিনি বিশ্বকাপ ফাইনালে গোল করা সর্বকনিষ্ঠ ফুটবলার।
সোথেবির আধুনিক সংগ্রহযোগ্য সামগ্রীর প্রধান ব্রাহ্ম ওয়াখটার এক বিবৃতিতে বলেছেন, এটি কেবল একটি জার্সি নয়; এটি সেই পোশাক, যা পরেছিলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়, ঠিক সেই রাতে যখন তাঁর রাজত্বের শুরু হয়েছিল।
পেলের নামের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য রেকর্ড। তিনবার বিশ্বকাপ জেতা একমাত্র ফুটবলার তিনি। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিলেন ব্রাজিলিয়ান মহাতারকা। ১৯৫৮ সালের সেই শিরোপাই ছিল ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়, যা পরে রেকর্ড পাঁচটি বিশ্বকাপ জয়ের ভিত্তি তৈরি করে।
জার্সিটির যাত্রাপথও কম আকর্ষণীয় নয়। ফাইনালের পর পেলে এটি উপহার দেন তাঁর সতীর্থ ও রুমমেট দিদাকে। দীর্ঘ কয়েক দশক জার্সিটি দিদার পরিবারের কাছেই ছিল। পরে এটি একটি ব্রাজিলিয়ান জাদুঘরে স্থান পায়। সেখান থেকে ২০০৪ সালে এক অজ্ঞাতপরিচয় সংগ্রাহকের হাতে চলে যায় ঐতিহাসিক এই স্মারক।
বর্তমানে ফুটবল জার্সির সর্বোচ্চ নিলামমূল্যের রেকর্ড রয়েছে দিয়েগো ম্যারাডোনার একটি জার্সির দখলে। ২০২২ সালে সেটি বিক্রি হয়েছিল ৯ দশমিক ২৮ মিলিয়ন ডলারে। যদিও পেলের এই জার্সির সম্ভাব্য মূল্য সেই রেকর্ড ছুঁতে পারবে কি না, তা সময়ই বলে দেবে।