হন্ডুরাসকে হারালেই 'অভিশাপের ফাঁদে পড়বে' আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা জাতীয় দলের সামনে এখন শুধু প্রস্তুতি ম্যাচ নয়, আরও একটি বড় লক্ষ্য এসে দাঁড়িয়েছে। হন্ডুরাসের বিপক্ষে শনিবারের প্রীতি ম্যাচে জয় পেলেই ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করতে পারবে লিওনেল স্কালোনির দল। তবে সেই সম্ভাব্য অর্জনের সঙ্গে জড়িয়ে আছে একটি অদ্ভুত ইতিহাস, যা আর্জেন্টিনা সমর্থকদের ভাবিয়ে তুলতেই পারে।

ফিফার সর্বশেষ হিসাব অনুযায়ী আন্তর্জাতিক বিরতির আগে শীর্ষে ছিল ফ্রান্স। কিন্তু আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হেরে তারা পয়েন্ট হারিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা সএন ইরাকের সঙ্গে ১-১ গোলে ড্র করায় তারাও পয়েন্ট হারিয়েছে।

এই দুই প্রতিদ্বন্দ্বীর হোঁচটেই কোনো ম্যাচ না খেলেই দুই ধাপ এগিয়ে গেছে আর্জেন্টিনা। এখন হন্ডুরাসের বিপক্ষে জয় পেলে আরও ১.৩ পয়েন্ট যোগ হবে তাদের ঝুলিতে, যা যথেষ্ট হবে শীর্ষস্থান নিশ্চিত করার জন্য।

আর্জেন্টিনা, স্পেন এবং ফ্রান্স তিন দলেরই বিশ্বকাপের আগে আরও একটি করে প্রীতি ম্যাচ বাকি রয়েছে। তবে আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় ঝুঁকি হবে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে পয়েন্ট হারানো। সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীরা আবারও শীর্ষস্থান দখল করতে পারে।

তবে র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে ওঠার সম্ভাবনার মধ্যেই লুকিয়ে আছে এক অদ্ভুত অভিশাপ। ১৯৯২ সালে ফিফা র‍্যাঙ্কিং চালু হওয়ার পর থেকে বিশ্বকাপে শীর্ষস্থানধারী কোনো দলই শেষ পর্যন্ত ট্রফি জিততে পারেনি।

১৯৯৪ বিশ্বকাপে এক নম্বর দল হিসেবে গিয়েছিল জার্মানি, কিন্তু তারা কোয়ার্টার ফাইনালেই বিদায় নেয়। শিরোপা জেতে ব্রাজিল। ১৯৯৮ সালে শীর্ষে ছিল ব্রাজিল। তারা ফাইনালে উঠলেও স্বাগতিক ফ্রান্সের কাছে ৩-০ গোলে হেরে যায়।

২০০২ সালে ফ্রান্স ছিল বিশ্বচ্যাম্পিয়ন এবং র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল। কিন্তু তারা গ্রুপ পর্বই পেরোতে পারেনি। সেই বিশ্বকাপও জেতে ব্রাজিল। ২০০৬ ও ২০১০ দুই আসরেই এক নম্বরে ছিল ব্রাজিল। কিন্তু কোনোবারই শিরোপা ছুঁতে পারেনি তারা। ২০১০ সালে চ্যাম্পিয়ন হয় স্পেন।

২০১৪ বিশ্বকাপে শীর্ষস্থান ধরে রেখেছিল স্পেন। অথচ তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ সালে একই পরিণতি হয়েছিল এক নম্বর দল জার্মানিরও। সবশেষে ২০২২ কাতার বিশ্বকাপের আগে শীর্ষে ছিল ব্রাজিল। কিন্তু কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় তারা। অন্যদিকে শিরোপা জেতে আর্জেন্টিনা।

এবার তাই পরিস্থিতি বেশ কৌতূহল জাগানিয়া। একদিকে শীর্ষস্থান পুনরুদ্ধারের হাতছানি, অন্যদিকে ৩৪ বছরের পুরোনো এক অভিশাপ। হন্ডুরাসকে হারিয়ে যদি আর্জেন্টিনা আবার ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে যায়, তাহলে বিশ্বকাপে তাদের সামনে শুধু প্রতিপক্ষদের নয়, ইতিহাসকেও হারানোর চ্যালেঞ্জ অপেক্ষা করবে।