হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন মেসিও

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসির জন্য নতুন করে আর কোনো বিশেষণ খুঁজে পাওয়া কঠিন। তবু আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচে যা করলেন, তা যেন তার কিংবদন্তির খাতায় আরও কয়েকটি সোনালি অধ্যায় যোগ করে দিল। আবেগ, রেকর্ড আর অসাধারণ ফুটবলের এক রাত উপহার দিয়ে মেসি শুধু আর্জেন্টিনাকে জিতিয়েই ক্ষান্ত হননি, ছুঁয়ে ফেলেছেন বিশ্বকাপ ইতিহাসের অন্যতম মর্যাদাপূর্ণ এক রেকর্ডও।

২০২৬ বিশ্বকাপের ‘জে’ গ্রুপে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। আর এই তিন গোলের সুবাদে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৬-তে নিয়ে গিয়ে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। তাকে ছাড়িয়ে যেতে অন্তত দুটি ম্যাচ পাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচের ১৭তম মিনিটে রদ্রিগো ডি পলের দূরপাল্লার পাস থেকে বল নিয়ন্ত্রণ করে ঘুরে দাঁড়িয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁ পায়ের শটে গোলের সূচনা করেন মেসি। আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান বল স্পর্শ করলেও তা জালে জড়ানো ঠেকাতে পারেননি। বিরতির পর ৬০তম মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তারের শট ফিরিয়ে দিলে রিবাউন্ড থেকে সহজেই নিজের দ্বিতীয় গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক। এরপর ৭৬তম মিনিটে ট্রেডমার্ক বাঁ পায়ের দুর্দান্ত শটে পূর্ণ করেন বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক।

এই তিন গোলের আগে বিশ্বকাপে মেসির গোল ছিল ১৩টি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে তিনি পেছনে ফেলেছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিওকে (১৫), সমতা এনেছেন ক্লোসের ১৬ গোলের রেকর্ডে এবং ছাড়িয়ে গেছেন জার্ড মুলার ও কিলিয়ান এমবাপেকে, যাদের গোলসংখ্যা ১৪। বর্তমানে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন ক্লোসে ও মেসি।

বিশ্বকাপে ক্লোসে চারটি আসরে ১৬ গোল করেছিলেন। ২০০২ সালে ৫টি, ২০০৬ সালে ৫টি, ২০১০ সালে ৪টি এবং ২০১৪ সালে ২টি গোল করেন জার্মান তারকা। অন্যদিকে মেসি নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমেই সেই রেকর্ড স্পর্শ করলেন। তবে তাঁর সামনে এখন সুযোগ রয়েছে এককভাবে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার।

শুধু এই রেকর্ডই নয়, আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে আরও কয়েকটি অনন্য কীর্তি গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা। এটি ছিল আর্জেন্টিনার জার্সিতে তাঁর ২০০তম ম্যাচ, যা জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ। একই সঙ্গে ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে বিশ্বকাপে হ্যাটট্রিক করে তিনি আসরটির ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করা ফুটবলার হয়েছেন। এর আগে এই রেকর্ড ছিল ক্রিস্তিয়ানো রোনালদোর দখলে, যিনি ২০১৮ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ৩৩ বছর ১৩০ দিন বয়সে হ্যাটট্রিক করেছিলেন।

এছাড়া মেসি এখন বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় সর্বাধিক বয়সী গোলদাতা। তার সামনে আছেন শুধু ক্যামেরুনের রজার মিলা এবং পর্তুগালের পেপে।

আরও একটি এলিট তালিকায় জায়গা করে নিয়েছেন মেসি। ২০০৬, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬ -পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করে তিনি ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে একমাত্র ফুটবলার হিসেবে এই কীর্তির মালিক হয়েছেন।