২৮ বছর পর বিশ্বকাপে ফিরে জর্ডানকে হারালো অস্ট্রিয়া

স্পোর্টস ডেস্ক

১৯৯৮ সালে শেষবার বিশ্বকাপের মূল পর্বে খেলেছিল ইউরোপের দেশ অস্ট্রিয়া। এরপর ২৮ বছরের দীর্ঘ বিরতি শেষে এবারই আবার বিশ্বকাপে ফেরা। আনন্দের এই উপলক্ষ অস্ট্রিয়া রাঙিয়ে রাখলো জয় দিয়ে। ‘জে’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে নবাগত জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে অস্ট্রিয়া। 

অস্ট্রিয়ার হয়ে গোল পেয়েছেন রোমানো স্মিড ও মার্কো আরনাউতোভিচ। বাকি গোলটি আত্মঘাতী। জর্ডানের হয়ে একমাত্র গোলটি করেছেন আলি অলওয়ান। 

প্রথমবারের মতো বিশ্বকাপে এলেও জর্ডান গোছানো, পরিকল্পিত ও দ্রুতগতির ফুটবল খেলেছে। শুরু থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ বেশ উপভোগ্যই ছিল। দুই দলই বেশ কয়েকটি সুযোগ পেলেও প্রথম গোলের দেখা পায় অস্ট্রিয়া। ২১ মিনিটে বক্সের বেশ অনেকটা বাইরে থেকে নেওয়া জোরালো শটে গোলের খাতা খোলেন রোমানো স্মিড। পাঁচ মিনিট পরেই সমতায় ফেরার ভালো সুযোগ পেয়েছিল জর্ডান। কিন্তু আলি অলওয়ানের শট ক্রসবারে লেগে ফেরত আসায় হতাশ হতে হয় এশিয়ান দলটিকে। 

তবে বিরতির পর এই অলওয়ানের পায়েই ইতিহাস গড়ার আনন্দে মাতে জর্ডান সমর্থকেরা। ৫১ মিনিটে চোখের পলকে গড়ে ওঠা পাল্টা আক্রমণে স্মিডের মতোই দূরপাল্লার গোলে সমতা ফেরান অলওয়ান। জর্ডানের ফুটবল ইতিহাসে প্রথম বিশ্বকাপ গোল এটি। জর্ডানকে বিশ্বকাপে আনার পেছনেও অলওয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বাছাইপর্বের শেষ ম্যাচে ওমানকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছিল জর্ডান। সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন অলওয়ান। 

সমতা ফেরার পর দুই দলই এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। ৬৮ মিনিটে বদলি হিসেবে নামা আরনাউতোভিচ কর্নার থেকে আসা বল পেয়ে গোল করে অস্ট্রিয়াকে এগিয়ে দিয়েছিলেন, কিন্তু গোলের আগে সতীর্থ স্টেফান পশ হ্যান্ডবল করায় গোল বাতিল করে দেন রেফারি। 

তবে এর পাঁচ মিনিট পর আরেকটি কর্ণার থেকেই দ্বিতীয় গোল পেয়ে যায় অস্ট্রিয়া। বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালেই জড়ান জর্ডানের খেলোয়াড় ইয়াজান আল-আরাব। এরপর জর্ডান অনেক চেষ্টা করলেও সমতাসূচক গোলের দেখা পায়নি। উল্টো স্টপেজ টাইমের শেষ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ৩-১ গোলের জয় নিশ্চিত করেন আরনাউতোভিচ। 

এই জয়ে আর্জেন্টিনার সমান ৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে গ্রুপ ‘জে’ তে দ্বিতীয় অবস্থানে রয়েছে অস্ট্রিয়া।