শেষ মুহূর্তের নাটকীয়তায় পানামাকে হারাল ঘানা
নিশ্চিত ড্রয়ের দিকেই এগুচ্ছিলো ম্যাচ। ৯০ মিনিট ফুরিয়ে যাওয়ার পর যোগ করা সময়ের খেলাও ছিলো শেষের দিকে। তখনই চমক দেখায় ঘানা, তাদের জন্য আসে এক অবিশ্বাস্য মুহুর্ত। ম্যাচের বয়স তখন ৯৫ মিনিট। থমাস-আসানতে পানামার ডিফেন্ডার হোসে কর্ডোবাকে চমৎকারভাবে কাটিয়ে বক্সে বল বাড়ান। সেখান থেকে ২০ বছর বয়সী তরুণ ইরেনকিই বল জালে জড়াতে কোনো ভুল করেননি।
বুধবার বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার গ্রুপ ‘এল’-এর ম্যাচে পানামাকে ১-০ ব্যবধানে হারিয়েছে ঘানা। যোগ করা সময়ে ক্যালেব ইরেনকিইয়ের দুর্দান্ত এক গোলে জয় নিশ্চিত করে আফ্রিকান দলটি।
২০১০ সালের বিশ্বকাপে নকআউট পর্বে গিয়ে আলোচনার জন্ম দিয়েছিলো আফ্রিকান দেশ ঘানা। এবার মূল্যবান ৩ পয়েন্ট তাদের রাখল সেই দৌড়ে।
ম্যাচের একদম শেষ মুহূর্তে সমতায় ফিরতে মরিয়া পানামা তাদের সব খেলোয়াড় নিয়ে আক্রমণে ঝাঁপিয়ে পড়েছিল। এমনকি শেষ ফ্রি-কিকের সময়ও তারা সর্বশক্তি নিয়োগ করে, কিন্তু ঘানার রক্ষণভাগ দুর্দান্তভাবে সেই আক্রমণ প্রতিহত করে জয় নিশ্চিত করে।
গ্রুপ ‘এল’-এর পরবর্তী ম্যাচে ঘানার প্রতিপক্ষ টেবিলের শীর্ষে থাকা ইংল্যান্ড। অন্যদিকে, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নেমে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের খোঁজে লড়াই করবে পানামা।