ফিফা বিশ্বকাপ ২০২৬

মেক্সিকো-দক্ষিণ কোরিয়া ম্যাচের আগে ড্রোন বিতর্ক

স্পোর্টস ডেস্ক

দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার লক্ষ্য নিয়ে গ্রুপ ‘এ’ তে বাংলাদেশ সময় শুক্রবার সকালে মুখোমুখি হচ্ছে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া। তবে ম্যাচের আগে এক অন্যরকম বিতর্ক দেখা দিয়েছে। দক্ষিণ কোরিয়ার অনুশীলনের সময় অনুমতি ছাড়া ট্রেনিং গ্রাউন্ডের উপর ড্রোন উড়তে দেখা গেছে। 

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল বুধবার এশিয়ান দলটির অনুশীলনের সময় ড্রোনের অবস্থান লক্ষ্য করে তারা। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে ড্রোন সরানোর ব্যবস্থা করা হয়। 

কোরিয়াভিত্তিক বার্তা সংস্থা ইয়োনহাপ এজেন্সির বরাত দিয়ে এএফপি বলছে, দক্ষিণ কোরিয়া দলের সাথে থাকা নিরাপত্তা কর্মকর্তা সর্বপ্রথম এই ড্রোন খেয়াল করেন। তাৎক্ষণিকভাবে সেটি জানানো হলে অনুশীলন ক্যাম্পের পাশেই অবস্থানরত মেক্সিকান সামরিক বাহিনীর একটি দল ড্রোনটিকে নামিয়ে আনার ব্যবস্থা করে। 

সন্দেহভাজন দুজন ব্যক্তি ভূপাতিত ড্রোনটি নিয়ে পালিয়ে গেছে বলে জানা গেছে। ঘটনাটিকে দক্ষিণ কোরিয়ার কোচ হং মিউং-বো ‘দুর্ভাগ্যজনক’ বললেও এতে তার দলের প্রস্তুতিতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন। 

নিজেদের প্রথম ম্যাচে দুই দলই জয়ের দেখা পাওয়ায় এই ম্যাচে জয়ী দলের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হবে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাই সতর্ক থাকছেন মেক্সিকো কোচ হাভিয়ের আগুইরে, ‘কোরিয়ার আক্রমণভাগ নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আক্রমণে এক চুলও ছাড় দেয়া চলবে না। সামনে দুজন কোরিয়ান থাকলে তার সাথে যেন তিনজন মেক্সিকান খেলোয়াড় থাকে সেটি আমাদের দেখতে হবে’।