বিশ্বকাপের ১০০০তম ম্যাচ: মরিয়া তিউনিসিয়ার বিপক্ষে জয় চায় জাপান

স্পোর্টস ডেস্ক

দারুণ এক মাইলফলকের অংশীদার হতে যাচ্ছে এশিয়ার দল জাপান ও আফ্রিকার দল তিউনিসিয়া। ফিফা বিশ্বকাপের ইতিহাসের ১০০০তম ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে তারা। মেক্সিকোর মন্তেরেইতে এবারের আসরের 'এফ' গ্রুপের খেলাটি শুরু আগামীকাল রোববার বাংলাদেশ সময় সকাল ১০টায়।

স্মরণীয় উপলক্ষটি জয় দিয়ে রাঙাতে চান জাপানের কোচ হাজিমে মরিয়াসু, যারা নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ডসের সঙ্গে দুবার পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করে। অন্যদিকে, সুইডেনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়া তিউনিসিয়া পরিবর্তন এনেছে ডাগআউটে। সাবরি লামৌচি বরখাস্ত হওয়ার পর কোচের দায়িত্ব পাওয়া হার্ভে রেনার ঘুরে দাঁড়াতে মরিয়া।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মরিয়াসু জানান, জয় ছাড়া কিছু ভাবছেন না তারা, 'প্রথম ম্যাচে নেদারল্যান্ডস খুবই ভালো খেলেছে, আমাদের দলও ভালো খেলেছে। কিন্তু ওই ম্যাচের ফল নিয়ে আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। এখন আমাদের প্রতিপক্ষ তিউনিসিয়া। আমি বিশ্বাস করি, এই ম্যাচটি জেতা প্রয়োজন বলে দলের সবাই মনে করে।'

নতুন কোচের অধীনে মাঠে নামতে যাওয়া প্রতিপক্ষকে নিয়ে অবশ্য সতর্ক আছেন তিনি, 'আমি নিশ্চিত যে, সুইডেনের বিপক্ষে খেলা তিউনিসিয়ার চেয়ে এই তিউনিসিয়া ভিন্ন। নতুন কোচ নিশ্চিতভাবেই দলকে তাতিয়ে দিচ্ছেন। তারা রক্ষণ জমাট রেখে গোল করার মতো পরিস্থিতি তৈরিতে এবং প্রতিপক্ষের ফাঁকফোকর খুঁজে বের করতে পারদর্শী।'

গত বিশ্বকাপে রেনারের কোচিংয়ে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখিয়েছিল সৌদি আরব। চার বছরের ব্যবধানে ঘটনাক্রমে ভিন্ন একটি দলের দায়িত্ব পেয়েছেন তিনি। তবে ফুটবলের মহাযজ্ঞে ফিরেই তাকে পড়তে হচ্ছে কঠিন পরীক্ষার মুখে।

চারবারের এশিয়ান চ্যাম্পিয়ন জাপানকে মোকাবিলার আগে সংবাদ সম্মেলনে রেনার জানান, দেয়ালে পিঠ ঠেকে গেছে তাদের, 'আগামীকাল আমরা ঘুরে দাঁড়াতে মরিয়া। আর বিশ্বাস করি, এই মনোভাবই মাঠে পার্থক্য গড়ে দেবে।'

সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে শিষ্যদের বার্তা দিয়ে তিনি যোগ করেন, 'আমি জোর দিয়ে বলতে চাই, দল হিসেবে খেলাই আমাদের একমাত্র প্রত্যাশা। হয়তো মনে হতে পারে যে, আমি বেশি বেশি বলছি... কিন্তু এই দলটির (জাপানের) বিপক্ষে খেলতে হলে আমাদের দলীয় চেতনা নিখুঁত হতে হবে।'