ফিফা বিশ্বকাপ ২০২৬

নকআউট পর্বে যেতে কোন দলের সামনে কী সমীকরণ

স্পোর্টস ডেস্ক

গ্রুপ পর্বের দুটি করে ম্যাচ খেলে ফেলেছে ৪৮ দলই। এর মধ্যে ৭ দল নিশ্চিত করেছে নকআউট, ৫ দল নিয়েছে বিদায়। নকআউট পর্বের বাকি ২৫টি জায়গার জন্য সরাসরি লড়াই করছে ৩৬টি দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচ শুরুর আগে তাই জেনে নিন, কোন দলের সামনে রয়েছে কেমন সমীকরণ। 

যাদের নকআউট পর্বে খেলা নিশ্চিত: 

আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, মেক্সিকো, নরওয়ে, যুক্তরাষ্ট্র, কলম্বিয়া 

যাদের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত: 

হাইতি, জর্ডান, তিউনিশিয়া, পানামা, তুরস্ক 

এবার দেখে নেয়া যাক কোন গ্রুপের কী অবস্থা। 

গ্রুপ ‘এ’: 

এই গ্রুপ থেকে সহ-স্বাগতিক মেক্সিকো ইতোমধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে খেলা নিশ্চিত করেছে। পরের পর্বে তাদের প্রতিপক্ষ হবে সি/ই/এফ/এইচ/আই গ্রুপ থেকে তৃতীয় সেরা দল। 

এই গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে পরের পর্বে যেতে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় কিংবা ড্র করলেও পরের পর্ব নিশ্চিত তাদের। 

সুযোগ আছে চেকিয়া ও দক্ষিণ আফ্রিকারও। তার জন্য মেক্সিকোর বিপক্ষে জিততে হবে চেকিয়াকে, আর দক্ষিণ কোরিয়াকে হারাতে হবে দক্ষিণ আফ্রিকার। এই দুই দলের ম্যাচ ড্র হওয়ায় গোল ব্যবধানের হিসাব আসতে পারে তখন।  

গ্রুপ ‘বি’: 

এই গ্রুপের শীর্ষ দুই দল কানাডা ও সুইজারল্যান্ড একে অন্যের মুখোমুখি হবে শেষ ম্যাচে। ড্র হলে দুই দলেরই পরের পর্বে যাওয়া নিশ্চিত। এমনকি কোনো দল হারলে তারও যাওয়ার সুযোগ থাকছে। সেক্ষেত্রে আলোচনায় আসবে কাতার ও বসনিয়া-হার্জেগোভিনা ম্যাচ। 

গ্রুপ ‘সি’: 

এই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার রাস্তা খোলা আছে ব্রাজিল ও মরক্কো দুই দলের জন্যই। ড্র করলেই পরের পর্ব নিশ্চিত দুই দলেরই। তবে স্কটল্যান্ড যদি ব্রাজিলকে হারিয়ে দেয়, আর মরক্কো জিতে যায় হাইতির বিপক্ষে, তাহলে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে নেমে যাবে ব্রাজিল। সেক্ষেত্রে তাদের ভাগ্য নির্ভর করবে বাকি গ্রুপগুলোতে তৃতীয় হওয়া দলগুলোর উপর। 

গ্রুপ ‘ডি’: 

এই গ্রুপ থেকে আরেক সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের পরের পর্বে যাওয়া ইতোমধ্যে নিশ্চিত। তাদের প্রতিপক্ষ হবে বি/ই/এফ/আই/জে গ্রুপের তৃতীয় সেরা দল। প্যারাগুয়ের সাথে ড্র কিংবা জয় পরের পর্বের টিকিট দেবে অস্ট্রেলিয়াকে। আর প্যারাগুয়ে জিতলে দ্বিতীয় দল হিসেবে তারা যাবে পরের রাউন্ডে। তবে দুই দলের মধ্যে যেই হারুক তাদেরও কিঞ্চিত সম্ভাবনা থেকে যাবে। 

গ্রুপ ‘ই’: 

জার্মানির নকআউট পর্ব নিশ্চিত হয়েছে। পরের রাউন্ডে তারা খেলবে এ/বি/সি/ডি/এফ গ্রুপের তৃতীয় সেরা দলের বিপক্ষে। আইভরি কোস্টের সমীকরণও খুব একটা কঠিন নয়। নবাগত কুরাসাওয়ের বিপক্ষে অন্তত এক পয়েন্ট পেলেই চলবে। 

ইকুয়েডরের সমীকরণ বেশ কঠিন। গ্রুপে অন্তত তৃতীয় হতে হলেও তাদের হারাতে হবে জার্মানিকে, আর প্রত্যাশা করতে হবে কুরাসাও যেন আইভরি কোস্টকে হারিয়ে দেয়। অনেকটা একই সমীকরণ কুরাসাওয়ের সামনেও। নিজেদের ম্যাচে হারাতে হবে আফ্রিকান প্রতিপক্ষকে, আর তাকিয়ে থাকতে হবে জার্মানির দিকে, যেন তারা ইকুয়েডরের বিপক্ষে না হারে। 

গ্রুপ ‘এফ’: 

জাপান ও নেদারল্যান্ডস দুই দলই আছে চার পয়েন্টে। নিজ নিজ ম্যাচে ড্র করলেই তাদের পরের পর্ব নিশ্চিত। তবে সুইডেনের প্রয়োজন জাপানের বিপক্ষে জয়। হারলে বা ড্র করলেও তৃতীয় সেরা দল হিসেবে যাওয়ার সুযোগ খোলা থাকবে ইউরোপীয় দলটির। 

গ্রুপ ‘জি’: 

এই গ্রুপে সবচেয়ে সুবিধাজনক জায়গায় আছে মিশর। ইরানের সাথে ড্র করতে পারলেই চলবে সালাহর দলের। ইরান ও বেলজিয়ামের দরকার হবে নিজ নিজ ম্যাচে জয়। 

নিউজিল্যান্ডের জন্য কাজটা তুলনামূলক কঠিন। আগে নিজেদের হারাতে হবে বেলজিয়ামকে, এরপর আশা করতে হবে ইরান যেন মিশরকে হারাতে না পারে। 

গ্রুপ ‘এইচ’: 

উরুগুয়ের সাথে ড্র কিংবা জয় স্পেনকে দেবে পরের পর্বের টিকিট। তবে লাতিন দলটির দরকার জয়। এদিকে উরুগুয়ে যদি স্পেনকে হারাতে না পারে, তাহলে সৌদি আরবের বিপক্ষে জিতলেই ইতিহাস গড়বে নবাগত কেপ ভার্দে। সৌদি আরবেরও অবশ্য সামান্য সম্ভাবনা টিকে আছে। আগে হারাতে হবে কেপ ভার্দেকে, এরপর আশা করতে হবে উরুগুয়ে যেন জিততে না পারে। 

গ্রুপ ‘আই’: 

এই গ্রুপের হিসাব বেশ সহজ। ফ্রান্স ও নরওয়ে দুই দলই ৬ পয়েন্ট নিয়ে পরের পর্বে চলে গেছে। নিজেদের মধ্যে শেষ ম্যাচে মুখোমুখি হবে তারা। 

সেরা আটটি তৃতীয় দলের লড়াইয়ে থাকতে সেনেগাল ও ইরাকের সামনে জয় ভিন্ন কোনো উপায় নেই। নিজেদের মধ্যেই শেষ ম্যাচটি খেলবে তারা। 

গ্রুপ ‘জে’: 

আর্জেন্টিনার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে যাওয়া নিশ্চিত হয়েছে। রাউন্ড অব ৩২ এ তাদের প্রতিপক্ষ ‘এইচ’ গ্রুপের রানার্সআপ। আগ্রহ জাগাবে অস্ট্রিয়া-আলজেরিয়া ম্যাচ। অস্ট্রিয়ার এক পয়েন্ট হলেই চলবে, তবে আলজেরিয়ার দরকার পুরো তিন পয়েন্ট। 

গ্রুপ ‘কে’: 

কলম্বিয়ার পরের পর্ব নিশ্চিত হয়েছে। পর্তুগালের বিপক্ষে শেষ ম্যাচে না হারলেই তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত। 

পর্তুগালও জয়ই চাইবে, তবে ড্র করলেও তাদের সুযোগ ভালোভাবেই থাকছে। এমনকি কলম্বিয়ার সাথে হারলেও সেরা ৮টি তৃতীয় দলের একটি হয়ে পরের পর্বে যাওয়ার সুযোগ আছে রোনালদোর দলের। ডিআর কঙ্গোর জয় ছাড়া কোনো পথ খোলা নেই, সেক্ষেত্রেও আসবে গোল ব্যবধানের হিসাব। কাগজে কলমে উজবেকিস্তানের রাস্তা এখনও খোলা থাকলেও বাস্তবে সম্ভাবনা বেশ কম। 

গ্রুপ ‘এল’: 

নিজ নিজ ম্যাচে ড্র করলেই নকআউটে উঠবে ঘানা ও ইংল্যান্ড। তবে ক্রোয়েশিয়া যদি ঘানাকে হারিয়ে দেয় তবে তারা সরাসরি চলে যাবে পরের রাউন্ডে। পানামা বাদ পড়ে যাওয়ায় এই গ্রুপ থেকে তিনটি দলেরই সুযোগ থাকছে পরের পর্বে যাওয়ার।