ফিফা বিশ্বকাপ ২০২৬

আর্জেন্টিনাকে পেয়ে কেপ ভার্দের কোচ বলছেন, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

স্পোর্টস ডেস্ক

রূপকথা ঠিক কতটা মধুর হয়? এই প্রশ্নের উত্তর দেয়ার জন্য কেপ ভার্দে ফুটবল দলের চেয়ে যোগ্য ব্যক্তি এই মুহূর্তে পাওয়া মুশকিল। উরুগুয়ে, স্পেনের সাথে একই গ্রুপে খেলে রানার্স-আপ হয়ে নকআউটে যাওয়া, টুর্নামেন্ট শুরুর আগে ঠিক কতজন এই স্বপ্ন দেখেছিলেন? কেপ ভার্দের জন্য এটি এখন আর স্বপ্ন নয়, বরং রঙিন বাস্তব। ইতিহাস গড়ার পর কেপ ভার্দে কোচ বুবিস্তার দৃষ্টি এখন আরও দূরে। প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, কিন্তু তাই বলে মনোবলের কমতি নেই আফ্রিকার এই ছোট্ট দ্বীপদেশটির। 

কোনো ম্যাচ না জিতেও নকআউটে উঠেছে কেপ ভার্দে। স্পেন, উরুগুয়ের মতো দলকে যারা আটকে দিয়েছে, আর্জেন্টিনাকে কি পারবে তারা হারিয়ে দিতে? খবরের শিরোনাম হওয়ার জন্য কোনো সাহসী ভবিষ্যদ্বাণী বুবিস্তা করেননি। কিন্তু একই সাথে বুঝিয়ে দিয়েছেন, আর্জেন্টিনাকে ভয়ও পাচ্ছে না তারা। নিজের দল নিয়ে ভীষণ গর্বিত বুবিস্তা বলেছেন, ফুটবলে যে কোনো কিছুই অসম্ভব নয় সেটি প্রমাণ করে দিয়েছে তার দল। 

নকআউট পর্বের প্রতিপক্ষ নিশ্চিত হওয়ার পর বুবিস্তার কাছে প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন সাংবাদিকেরা। পরাক্রমশালী প্রতিপক্ষকে যোগ্য সম্মান জানিয়ে তিনি বলেছেন, বিশ্বকাপে তার দল যে পরিচয় তৈরি করেছে, সেটি ধরে রাখতে মরিয়া থাকবেন তারা, ‘প্রথমত আর্জেন্টিনার বিপক্ষে খেলার সুযোগ পেয়ে আমরা গর্বিত বোধ করছি। দেশটির সাথে আমাদের বহু পুরোনো সম্পর্ক। তবে প্রতিপক্ষ যে-ই হোক, আমরা আমাদের পরিচয় বজায় রাখার চেষ্টা করব। আমি জানি মেসিসহ আর্জেন্টিনার অনেক তারকা ফুটবলার আছে, কিন্তু আমরা দায়িত্বশীলতার সাথে আমাদের নিজেদের খেলাটাই খেলার চেষ্টা করব’। 

জনসংখ্যার দিক থেকে কেপ ভার্দেই এখন পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, যারা বিশ্বকাপের নকআউট পর্বে পা রেখেছে। এমন কীর্তির পর বুবিস্তা বলছেন, তাদের এই অর্জন ছোট দেশগুলোর জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বহু বছর, ‘এই রেকর্ডের কথা আমার জানা ছিল না। তাহলে বলতে হয় আমার দল একটা উদাহরণ সৃষ্টি করেছে যে ছোট দলগুলোরও বড় লক্ষ্য থাকতে পারে যদি তাদের লক্ষ্য, একাগ্রতা ও একতা ঠিক থাকে। আমরা দেখিয়ে দিয়েছি, কিছুই অসম্ভব নয়। আমরা শুধু কেপ ভার্দের নয়, বরং আফ্রিকার ফুটবল ও সারা বিশ্বের সব ছোট দেশগুলোর প্রতিনিধিত্ব করছি’। 

মাত্র দেড় লাখ মানুষের দেশ কেপ ভার্দে বিশ্বমঞ্চ কাঁপিয়ে দেবে, এই বিশ্বাস সবসময়ই ছিল ৫৬ বছর বয়সী এই কোচের, ‘আমি সবসময়ই বলে এসেছি, কিছুদিন আগে হোক বা পরে, কেপ ভার্দে এরকম মঞ্চে আলো ছড়াবেই। এমন ভবিষ্যদ্বাণী করা মোটেও সহজ নয়, কিন্তু এই পর্যায়ে পৌঁছাতে আমাদের অনেকগুলো কঠিন ধাপ পার হতে হয়েছে। আমরা গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছি, কঠিন পরিস্থিতিকে ভয় পেলে চলে না। আমার খেলোয়াড়েরা নিজেদের সবটা নিংড়ে দিয়েছে, তাদের শৃঙ্খলা ও চারিত্রিক দৃঢ়তার প্রমাণ দিয়েছে। এতকিছুর সংমিশ্রণ যখন ঘটে, তখন এরকম ফলাফল আসতে বাধ্য’। 

কোচের এমন আত্মবিশ্বাস ছড়িয়ে পড়েছে খেলোয়াড়দের মধ্যেও। সৌদি আরবের বিপক্ষে ম্যাচসেরা হওয়া মিডফিল্ডার দেরয় দুয়ার্তেও বলছেন, বিশ্বাস হারাচ্ছেন না তারা, ‘আগে আমরা এই অর্জনকে উদযাপন করব। ভীষণ খুশি আমরা। আগামীকাল থেকে আমরা পরের ম্যাচ নিয়ে ভাবা শুরু করব। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ, কঠিন তো বটেই। তবে আমরা বিশ্বাস করি, যেকোনো কিছুই সম্ভব’। 

শেষ ষোলতে যাওয়ার লক্ষ্য নিয়ে ০৩ জুন মায়ামিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে কেপ ভার্দে।