‘মরক্কো সকলের সম্মান অর্জন করেছে’
টাইব্রেকারের রুদ্ধশ্বাস লড়াইয়ে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো। ঐতিহাসিক এই জয়ের পর কোচ মোহাম্মদ ওয়াহবি বলেছেন, এই পারফরম্যান্সের মাধ্যমে বিশ্ব ফুটবলে মরক্কো নিজেদের মর্যাদা প্রতিষ্ঠা করেছে। এখন সবাই তাদের সম্মান করতে বাধ্য।
নিয়মিত ও অতিরিক্ত সময় শেষে ১-১ সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে গোলরক্ষক ইয়াসিন বুনুর দুর্দান্ত সেভ এবং ইসমাইল সাইবারির জয়সূচক স্পটকিকে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আফ্রিকার দলটি। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ হবে স্বাগতিক কানাডা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উচ্ছ্বসিত ওয়াহবি বলেন, 'এখন মরক্কো সবার সম্মান অর্জন করেছে। কথায় নয়, আমরা মাঠে সেটা প্রমাণ করেছি।' তিনি জানান, তার দল শুধু একটি ফুটবল ম্যাচ জেতার জন্য খেলেনি। মাঠে নামার সময় তাদের অনুপ্রেরণা ছিল পুরো দেশের কোটি কোটি মানুষ।
'এই দল এবং মরক্কোর সব বয়সভিত্তিক দল শুধু ফুটবলের জন্য লড়াই করে না। তারা জানে, তাদের পেছনে লাখো-কোটি মানুষ রয়েছে। ম্যাচটি যখন হচ্ছিল, তখন মরক্কোতে রাত প্রায় দুইটা। তারপরও আমরা নিশ্চিত, অধিকাংশ মানুষ জেগে খেলা দেখেছে। এই ভালোবাসাই খেলোয়াড়দের শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার শক্তি দেয়,' বলেন তিনি।
মরক্কোর কোচের মতে, ম্যাচের নিয়ন্ত্রণ পুরো সময়ই ছিল তাদের হাতে। টাইব্রেকারে জিতলেও ৯০ মিনিট ও অতিরিক্ত সময়জুড়ে তারাই ছিল শ্রেষ্ঠ দল।
'আমরা পুরো ম্যাচেই নেদারল্যান্ডসকে নিয়ন্ত্রণ করেছি। বলের দখল ছিল প্রায় ৭০ শতাংশ। আমাদের শট বেশি ছিল, প্রত্যাশিত গোলের (এক্সজি) পরিসংখ্যানও আমাদের পক্ষে ছিল। আমরা শান্ত থেকেছি, নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলেছি। জানতাম, ম্যাচ টাইব্রেকারে গেলে আমাদের দলে অসাধারণ একজন গোলরক্ষক আছে,' বলেন ওয়াহবি।
নেদারল্যান্ডসের রক্ষণাত্মক কৌশল তাকে বিস্মিত করেছে বলেও জানান মরক্কো কোচ, 'আমি সত্যিই আশা করিনি নেদারল্যান্ডস এত নিচে নেমে রক্ষণ সামলাবে। তারা সাধারণত বল দখলে রেখে খেলতে পছন্দ করে। আমি এটাকে আমাদের প্রতি তাদের সম্মানের প্রকাশ হিসেবেই দেখছি।'
২০২২ কাতার বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক সেমিফাইনাল যাত্রাই দেশের ফুটবলের মানসিকতা বদলে দিয়েছে বলে বিশ্বাস ওয়াহবির, 'গত কয়েক বছরে মরক্কোর খেলোয়াড়রা নিজেদের ওপর বিশ্বাস রাখতে শিখেছে। সমর্থকরাও আমাদের ওপর আস্থা রাখে। এই বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি।'
তবে শেষ ষোলোতে কানাডার বিপক্ষে সহজ ম্যাচের আশা করছেন না মরক্কো কোচ, 'আমরা যদি নিজেদের স্বাভাবিক ফুটবল খেলতে পারি, তাহলে আমাদের থামানো কঠিন। তবে ফুটবলে কেউই অপরাজেয় নয়। আমরা ভুল করলে আমাদেরও বিদায় নিতে হবে।'