উদ্যাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের
মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে নাটকীয়ভাবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। দারুণ এই জয়ের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচ শেষে উদ্যাপনের সময় দুর্ঘটনায় কবজি ভেঙে হাসপাতালে যেতে হয়েছে অভিজ্ঞ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসনকে। পরে নিশ্চিত করা হয়েছে, চোটের কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেছে তার।
শেষ বাঁশি বাজার পর সতীর্থদের সঙ্গে সমর্থকদের সামনে উদ্যাপন করতে যান ইংল্যান্ডের খেলোয়াড়রা। সেই সময় বিজ্ঞাপন বোর্ডের ওপর পড়ে গিয়ে গুরুতর চোট পান হেন্ডারসন। সঙ্গে সঙ্গে চিকিৎসাকর্মীরা ছুটে আসেন। তাকে অক্সিজেন দেওয়া হয় এবং পরে স্ট্রেচারে করে মাঠ থেকে বের করে হাসপাতালে নেওয়া হয়।
ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম বিবিসিকে বলেন, 'ও কিছুটা সমস্যায় আছে। তবে আমাদের মেডিকেল দল পুরো বিষয়টি নিয়ন্ত্রণে রেখেছে। আসলে কী হয়েছে, তা আমি পুরোপুরি জানি না। তাই বেশি কিছু বলা ঠিক হবে না। সবাই ওর পাশে ছিল, আর সেটাই ছিল দেখার মতো সুন্দর একটি মুহূর্ত।'
ইংল্যান্ড কোচ টমাস টুখেলও ম্যাচ শেষে হেন্ডারসনের চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, 'জর্ডানের কবজিতে চোট লেগেছে। আজকের রাতের সঙ্গে এটা একেবারেই মানানসই নয় যে জর্ডান আমাদের সঙ্গে নেই। পরবর্তী চিকিৎসা কীভাবে হবে, সেটা আমি জানি না। ডাক্তার শুধু জানিয়েছেন, সে এখন হাসপাতালে আছে।'
পরে জানা যায়, হেন্ডারসনের কবজি ভেঙে গেছে এবং এই চোটে বিশ্বকাপে আর খেলা হচ্ছে না তার। এই বিশ্বকাপে খুব বেশি সুযোগ পাননি সাবেক লিভারপুল অধিনায়ক। পানামার বিপক্ষে ম্যাচে ৮৪তম মিনিটে বদলি হিসেবে নেমেই তার একমাত্র মাঠে নামা। যদিও মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে বেঞ্চে ছিলেন তিনি। ম্যাচ চলাকালে টাচলাইনের পাশে এক উত্তপ্ত পরিস্থিতিতে জড়িয়ে হলুদ কার্ডও দেখেন।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচে জুড বেলিংহ্যামের জোড়া গোল এবং হ্যারি কেইনের পেনাল্টি থেকে করা গোলে ৩-২ ব্যবধানে জয় পায় ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধের শুরুতেই জ্যারেল কুয়ানসাহ স্টাডস তুলে প্রতিপক্ষ খেলোয়াড় হেসুস গালিয়ার্দোকে আঘাত করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও শেষ পর্যন্ত জয় ধরে রেখে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে থ্রি লায়ন্সরা।