টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬

হেটমায়ারের বিস্ফোরক ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড পুঁজি

স্পোর্টস ডেস্ক

টস হেরে বোলিং বেছে নিয়ে এখন হয়ত আক্ষেপে পুড়ছেন সিকান্দার রাজা। শুরুতে উইকেট হারালেও দুবার জীবন পাওয়া শেমরন হেটমায়ার খেললেন টার্নেডো ইনিংস। রভম্যান পাওয়েল, শেরফাইন রাদারফোর্ডরা মাতলেন চার-ছক্কার উৎসবে। আড়াইশো ছাড়িয়ে রেকর্ড গড়া পুঁজি পেল ওয়েস্ট ইন্ডিজ। 

মুম্বাইতে সুপার এইটের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেটে  ২৫৫ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন দলের এটাই সর্বোচ্চ সংগ্রহ, এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসেও এটি দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা করেছিল ২৬০। 

পুরো ইনিংসে ১৯টি ছক্কা মেরেছে ওয়েস্ট ইন্ডিজ, যা বিশ্বকাপ ইতিহাসে যৌথ সর্বোচ্চ। রান বন্যার ম্যাচে ৩৪ বলে ৭টি করে চার-ছক্কায় ৮৫ রান করেছেন হেটমায়ার। পাওয়েলের ব্যাট থেকে ৩৫ বলে এসেছে ৫৯ রান। রাদারফোর্ড ১৩ বলে ৩১, রোমারিও শেফার্ড ১০ বলে ২১ এমনকি জেসন হোল্ডার নেমে ৪ বলে করেছেন ১৩ রান।

টস জিতে বোলিং বেছে ১৭ রানে ব্র্যান্ডন কিং আর ৫৪ রানে শেই হোপকে তুলে নিয়েছিলো জিম্বাবুয়ে। তিনে নেমে শুরুতেই ক্যাচ দিয়ে বাঁচেন হেটমায়ার। এরপর উত্তাল হয়ে উঠে তার ব্যাট। মাত্র ১৯ বলে স্পর্শ করেন ফিফটি, যা এই বিশ্বকাপের দ্রুততম। ফিফটির পর আবার ক্যাচ দিয়েছিলেন। দুইবারই তার সহজ ক্যাচ ফেলে দেন তাসিঙ্গা মুসেকিওয়া। যার খেসারত কড়ায় গণ্ডায় দিয়েছে জিম্বাবুয়ে।

পাওয়েল অবশ্য কোন সুযোগ না দিয়ে ৫৯ করে গেছেন। স্লগ ওভারে রাদারফোর্ড, শেফার্ডরা মনখুলে হিট করেছেন, রানও এসেছে বিস্তর। দলকে তারা এমন এক জায়গায় নিয়েছেন যা জিম্বাবুয়ের জন্য পেরিয়ে যাওয়া প্রায় অসম্ভব।