জিম্বাবুয়েকে গুঁড়িয়ে টিকে রইল ভারত, সেমিতে দ.আফ্রিকা
অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়াদের তাণ্ডবে ভারত রেকর্ড পুঁজি গড়ার পরই ম্যাচের পরণতি একরকম নিশ্চিত হয়ে গিয়েছিলো। নাগালের বাইরে থাকা লক্ষ্যে কেবল হারের ব্যবধানই কমিয়ে গেছে জিম্বাবুয়ে। বিশাল জয়ে ভারতের আশা বাঁচিয়ে রাখার ম্যাচে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার।
চেন্নাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচ স্বাগতিকরা জিতেছে ৭২ রানের বড় ব্যবধানে। আগে ব্যাট করে টুর্নামেন্টের সর্বোচ্চ দলীয় ২৫৬ রানের পুঁজি পায় ভারত। যার পিছে ছুটে ১৮৪ পর্যন্ত যেতে পেরেছে আফ্রিকার দেশটি।
আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দেওয়ায় সেমির পথে সহজ সমীকরণ পায় ভারত। এবার জিম্বাবুয়েকে ভারত গুঁড়িয়ে দিলে শেষ চার নিশ্চিত হয়ে গেছে প্রোটিয়াদের।
পাহাড়সময় লক্ষ্যে জিম্বাবুয়ের হয়ে বিনোদন দিয়েছেন ব্রায়ান বেনেট। পুরো আসরে দারুণ ধারাবাহিক ওপেনার ৫৯ বলে করেন ৯৭ রান। তার ইনিংসের কোন পর্যায়েই অবশ্য ভারতের ভয় ধরার কোন কারণ তৈরি হয়নি। নির্ভার হয়েই এই ডানহাতির ইনিংসে তালি বাজিয়েছেন স্বাগতিক দর্শকরা। বেনেট বাদ দিলে অধিনায়ক সিকান্দার রাজা করেন ২১ বলে ৩১ রান, এর বাইরে বলার মতো কেউ কিছু করতে পারেননি। বল হাতে ভারতে সেরা বাঁহাতি পেসার আর্শ্বদীপ সিং। ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।
টস হেরে ব্যাট করতে নেমেই কাজটা সেরে ফেলেছিলো সূর্যকুমার যাদবের দল। একাদশে দুই বদল এনে নেমে ঝড় শুরু করে তারা। একাদশে ফিরেই পাওয়ার প্লের উড়ন্ত সূচনা আনেন সঞ্জু স্যামসন। ১৫ বলে ২৪ করে তিনি ফিরে গেলেও মোমেন্টাম এনে দিয়ে যান। তা ধরেই ছন্দ হারানো অভিষেক শর্মা ফিরে পান নিজেকে। ২৬ বলে ফিফটি স্পর্শ করে আউট হন ৫৫ রান করে। তিনে নেমে ইশান কিশান খেলেন ২৪ বলে ৩৮ রানের ইনিংস। আদর্শ ভিত পেয়ে সূর্যকুমার ১৩ বলেই তুলেন ৩৩ রান। শেষ দিকটা মাতোয়ারা করেন হার্দিক আর তিলক। হার্দিক ২৩ বলে ৫০ করে ছিলেন অপরাজিত। রান খরায় থাকা তিলক বর্মা ছয়ে নেমে ১৬ বলে খেলেন ৪৪ রানের ইনিংস।
দক্ষিণ আফ্রিকার কাছে সুপার এইটের প্রথম ম্যাচে বিধ্বস্ত হয়ে সেমি ফাইনাল শঙ্কায় পড়ে গিয়েছিলো ভারতের। এবার জিম্বাবুয়েকে উড়িয়ে দেওয়ার দিনে ওয়েস্ট ইন্ডিজের হারে পরিস্থিতি বদলে গেছে তাদের। গ্রুপের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারালেই সেমি ফাইনাল নিশ্চিত হয়ে যাবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের।