জিও নিউজের প্রতিবেদন: বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনে আগ্রহী পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো নিজেদের মাটিতে আয়োজন করার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারত ভ্রমণে অস্বীকৃতি জানানোর প্রেক্ষাপটে পিসিবি এই প্রস্তাব দিয়েছে বলে রোববার জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

পিসিবির সূত্রের বরাতে জিও নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার ভেন্যুগুলো যদি বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের জন্য না পাওয়া যায়, তবে বিকল্প হতে পারে পাকিস্তান। দেশটির মাঠগুলো 'প্রস্তুত ও পুরোপুরি সজ্জিত' অবস্থায় রয়েছে। পাকিস্তান বোর্ড আরও উল্লেখ করেছে, ইতিপূর্বে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি ও নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব তারা সফলভাবে আয়োজন করেছে। ফলে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরের ম্যাচগুলোও সুশৃঙ্খলভাবে পরিচালনা করার পূর্ণ সক্ষমতা তাদের রয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারত সফর না করার ব্যাপারে অনড় অবস্থানে রয়েছে বিসিবি। সরকারের পরামর্শে গত ৪ জানুয়ারি  আইসিসির কাছে পাঠানো প্রথম চিঠিতে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ বোর্ড ভেন্যু পরিবর্তনের এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল।

ভারতে না যাওয়ার সিদ্ধান্তের মূলে রয়েছে আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে আকস্মিকভাবে বাদ দেওয়া নিয়ে তৈরি হওয়া টানাপোড়েন ও বিতর্ক। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির রাজনীতিবিদ ও উগ্রবাদী নেতাদের দাবির মুখে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কলকাতা নাইট রাইডার্সকে তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও রাজনৈতিক ও সাম্প্রদায়িক কারণে একজন বিশ্বমানের ক্রিকেটারকে এভাবে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আইপিএলের ম্যাচ দেখানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

আইসিসির জবাব পাওয়ার পর গত বৃহস্পতিবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে দ্বিতীয় চিঠি পাঠায় বিসিবি। সেখানে ভারত সফর নিয়ে বাংলাদেশ বোর্ডের সব আশঙ্কা ও অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরা হয়। আইসিসি এখনও আনুষ্ঠানিকভাবে ওই চিঠির জবাব দেয়নি।

সব মিলিয়ে তৈরি হওয়া জটিল পরিস্থিতির সমাধানে বিসিসিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে এদিন বৈঠকে বসার কথা রয়েছে আইসিসির চেয়ারম্যান জয় শাহের। ভারতীয় গণমাধ্যম জানিয়েছিল, ভারত ও নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে চলাকালীন বরোদায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। তবে শেষ পর্যন্ত হয়েছে কিনা তা এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা যায়নি।

আগামী ৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে 'সি' গ্রুপে বাংলাদেশের অভিযান শুরুর কথা ছিল। একই ভেন্যুতে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষেও খেলার সূচি ছিল টাইগারদের। এরপর নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে মুম্বাই যাওয়ার কথা ছিল লিটন দাসের দলের।