‘জামায়াতের নির্বাচনী কার্যালয়’ থেকে ৭ লাখ ২০ হাজার টাকাসহ পোলিং অফিসার আটক

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর

শরীয়তপুরের নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয় থেকে গোলাম মোস্তফা নামে এক পোলিং অফিসারকে আটক করেছে যৌথবাহিনী। 

এ সময় তার কাছ থেকে নগদ ৭ লাখ ২০ হাজার টাকা, একটি পেনড্রাইভ ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সুজন মিয়া তাকে দুই বছরের কারাদণ্ড দেন।

নড়িয়ার সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস আজ বুধবার বিকেলে টাকাসহ আটকের তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটক গোলাম মোস্তফা স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং একটি ভোটকেন্দ্রে পোলিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।

লাকি দাস বলেন, ‘আটকের সময় তার কাছে উল্লেখযোগ্য পরিমাণ নগদ টাকা পাওয়া গেছে। টাকার উৎস বা উদ্দেশ্য সম্পর্কে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।’

তিনি আরও বলেন, ‘তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে যেখান থেকে তাকে আটক করা হয়েছে, সেখানে দাঁড়িপাল্লা প্রতীকের কিছু কাগজপত্র পাওয়া গেছে।’

প্রশাসন সূত্রে জানা গেছে, যেখান থেকে তাকে আটক করা হয়েছে সেটি জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক শরীয়তপুর জেলা জামায়াতের এক রোকন দাবি করেন, ‘গোলাম মোস্তফা জামায়াতের কর্মী নন, তিনি একজন সরকারি কর্মচারী। যে টাকা জব্দ করা হয়েছে, তা নির্বাচনী দায়িত্বে থাকা কর্মীদের খাবার ও পোলিং এজেন্টদের খরচের জন্য রাখা হয়েছিল।’