বুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক একরামুল হক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে আগামী চার বছরের জন্য তাকে বুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুয়েটের ১৬তম উপাচার্য হিসেবে আজ শুক্রবার দুপুরে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
বুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাপক একরামুল ১৯৮৯ সালে বুয়েটের পুরকৌশল বিভাগ থেকে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন এবং অনার্স মার্কসসহ মেধাতালিকায় তৃতীয় স্থান অধিকার করেন। একই বছর তিনি বুয়েটে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৯২ সালে সহকারী অধ্যাপক, ১৯৯৭ সালে সহযোগী অধ্যাপক এবং ২০০৫ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। ২০১৭ সাল থেকে তিনি গ্রেড-১ অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
অধ্যাপক একরামুল বর্তমানে বুয়েটের ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশনের (বিআরটিসি) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
১৯৯৬ সালে তিনি জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। আন্তর্জাতিক বিভিন্ন স্বনামধন্য জার্নালে তার ৫০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।